ICC

ভারত-পাকিস্তান সম্পর্কের জের, ভারত থেকে সরে যেতে পারে পরের চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ!

ভারত থেকে দু’টি বড় প্রতিযোগিতা সরে গেলে আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যারা এর আগে ২০১৫ সালের এক দিনের বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩
picture of cricket

জয় শাহ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত থেকে সরে যেতে পারে বড় প্রতিযোগিতা। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে ভাবে ক্রমশ খারাপ হচ্ছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে ক্রিকেটে, তাতে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের এক দিনের বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য এজ’ এই প্রতিবেদন প্রকাশ করেছে।

Advertisement

‘দ্য এজ’ জানিয়েছে যে, যদি ভারত থেকে এই দু’টি বড় প্রতিযোগিতা সরে যায়, তা হলে আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যারা এর আগে ২০১৫ সালের এক দিনের বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করেছিল।

ভারত ও পাকিস্তান আইসিসির সঙ্গে একটি চুক্তি করে রেখেছে যেখানে বহুদেশীয় প্রতিযোগিতায় কোনও দেশই একে অপরের দেশে গিয়ে খেলবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। তারপরেই এই চুক্তি হয়েছিল। আপাতত ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি রয়েছে। কিন্তু পরিস্থিতি যে ভাবে জটিল হচ্ছে, তাতে ২০২৭ সালের পরেও এই ব্যবস্থাতেই দু’দলের খেলা হবে।

অস্ট্রেলিয়ার সংবাদপত্রের দাবি, এই ব্যবস্থায় প্রতিযোগিতা করতে রাজি নয় আইসিসি। কারণ, দুই দলের যাতায়াতের সমস্যা। শুধু এই ম্যাচটির জন্য দু’দলকে অতিরিক্ত যাতায়াত করতে হচ্ছে। নতুন করে হোটেলের ব্যবস্থা করতে হচ্ছে। এসবের ফলে খরচও বাড়ছে।

গত রবিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ খেলার জন্য ভারতীয় দলকে শ্রীলঙ্কার কলম্বোয় যেতে হয়েছিল। একই রকম ভাবে এশিয়া কাপের সময় পাকিস্তান গোটা প্রতিযোগিতা নিজেদের দেশে খেললেও ভারত-ম্যাচ খেলার জন্য তাদের কলম্বোয় যেতে হয়েছিল।

এর মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশও। তারাও নিরপেক্ষ দেশে খেলতে চেয়েছিল। কিন্তু তাদের সেই দবি খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের এ বারের বিশ্বকাপে খেলাই হচ্ছে না।

আইসিসি এই জটিলতা চাইছে না। ফলে তারা ভারতে প্রতিযোগিতা না করারই সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে। তবে, ভারতে খেলা হলে নিঃসন্দেহে আইসিসির কোষাগারে বাড়তি টাকা আসবে। ফলে অনেকেই মনে করছেন, আইসিসি চাইলেও ভারত থেকে সব প্রতিযোগিতা সরিয়ে নিতে পারবে না।

Advertisement
আরও পড়ুন