Salman Ali Agha

বাড়ছে বিতর্ক! মাঠে হেলমেট, দস্তানা ছুড়ে শাস্তি পেলেন সলমন, পাক ক্রিকেটারকে ছাড়ল না আইসিসি

বাংলাদেশের বিরুদ্ধে বিতর্কিত রান আউট হওয়ার পর মেজাজ হারিয়েছিলেন সলমন আলি আঘা। সেই কারণে আইসিসি শাস্তি দিয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:০৪
cricket

সলমন আলি আঘা। —ফাইল চিত্র।

সলমন আলি আঘার রান আউট নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটবিশ্ব। বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ় তাঁকে আউট করে ঠিক করেছেন কি না, তা নিয়ে দু’রকম মতামত পাওয়া যাচ্ছে। তার মাঝেই জানা গেল, সলমনকে শাস্তি দিয়েছে আইসিসি। মাঠে মেজাজ হারানোয় শাস্তি পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার।

Advertisement

ঠিক কী হয়েছিল মাঠে?

ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ৩৯ তম ওভারের। বোলার ছিলেন মিরাজ়। ব্যাট করছিলেন মহম্মদ রিজ়ওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজ়ওয়ান। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সলমন বলের সামনে থেকে সরে যান। মিরাজ় বলটি পা দিয়ে আটকান। সেটি থামার আগেই ক্রিজ়ের বাইরে থাকা সলমন হাত দিয়ে তুলতে যান। সেই সুযোগে মিরাজ় দ্রুত বল তুলে উইকেটে ছুড়ে দেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন সলমন।

রান আউট হওয়ার পর প্রথমে নিজের হেলমেট ও দস্তানা মাটিতে ছুড়ে ফেলে দেন সলমন। পরে তৃতীয় আম্পায়ারও তাঁকে আউট দিলে হেলমেট ও দস্তানা তুলে নিয়ে ডাগ আউটের দিকে ফিরছিলেন তিনি। ডাগ আউটে গিয়ে আবার ব্যাট ও দস্তানা ছুড়ে ফেলেন পাক ক্রিকেটার। এই বিষয়টি ভাল ভাবে দেখেননি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।

খেলা শেষে ম্যাচ রেফারি তাঁর রিপোর্টে এই বিষয়টি আইসিসির ২.২ ধারার আওতায় রেখেছেন। ক্রিকেটের কোনও সরঞ্জাম ছুড়ে ফেললে এই ধারায় সেই ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়। সেই ধারাতেই শাস্তি পেয়েছেন সলমন। তাঁকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি একটি ডি-মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

‘দ্য ডেলি স্টার’-কে নিয়ামুর বলেছেন, “মাঠে ও মাঠ ছেড়ে বার হওয়ার সময় ক্রিকেটের সরঞ্জাম ছুড়ে ফেলা হয়েছে। সলমন আগে এই ধরনের কিছু করেননি। কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের নিরপেক্ষ থাকতেই হবে। তাই ওঁকে সতর্ক করা হয়েছে। একটা ডি-মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।” তবে আউট হওয়ার পর বাংলাদেশের লিটন দাসের সঙ্গে বিবাদে জড়ানোয় কোনও শাস্তি দেওয়া হয়নি সলমনকে। সেই ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

বিতর্কিত রান আউট নিয়ে মুখ খুলেছেন সলমন। তাঁর দাবি, তিনি থাকলে ও ভাবে আউট করতেন না। সলমন বলেন, “আমি সব সময় আইন মেনে খেলার পক্ষে। তবে যে কোনও পরিস্থিতিতে খেলোয়াড়সুলভ মনোভাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কেউ যদি মনে করে আমাকে এ ভাবে আউট করে ঠিক করেছে, তা হলে সে ঠিক করেছে। এ রকম পরিস্থিতিতে আমি কিন্তু এমন করতাম না। আমার ক্রিকেট ভাবনা অন্য রকম। খেলোয়াড়সুলভ মনোভাবকে গুরুত্ব দিতাম। অতীতে কখনও এমন কিছু করিনি। ভবিষ্যতেও করব না।’’

আউট হওয়ার পর মেজাজ হারানো নিয়ে সলমন বলেছেন, ‘‘ কী হয়েছে, সকলে দেখেছেন। উত্তেজনার বশে হয়ে গিয়েছে। বললাম তো, আমি এ রকম কখনও করব না। বিষয়টাকে অন্য ভাবেও দেখা যেত। যা হয়েছে, উত্তেজনার কারণেই হয়েছে।’’ উত্তেজিত ভাবে কী বলছিলেন মাঠ ছাড়ার সময়? সলমন বলেছেন, ‘‘কিছু একটা বলছিলাম। কী, মনে নেই। এখন আর বলতে পারব না। এটুকু বলতে পারি, ভাল কিছু বলছিলাম না। এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে ঠিক আছে। মিরাজ়ের সঙ্গে আউটটা নিয়ে কথা বলিনি। হয়তো পরে সময়-সুযোগ পেলে বলব।’’

সলমন অবশ্য মেনে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করেননি। তা-ও ক্ষুব্ধ সলমন আরও বলেছেন, ‘‘রান শেষ করার পর বল এসে আমার প্যাডে লাগে। বলটা তুলে ফেরত দিতে চেয়েছিলাম। রান নেওয়ার কোনও উদ্দেশ্য আমার ছিল না। বলটা ফেরত দেওয়া ছাড়া আর কিছুই করতে চাইনি। মিরাজ় হয়তো অন্য কিছু ভেবেছিল। আমি ওকে বাধা দিইনি। আমার গায়ে লেগে বল অন্য দিকে চলে গেলেও রান নিতাম না।’’

সলমনকে আউট করা নিয়ে মিরাজ়ের কোনও আক্ষেপ নেই। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘‘সলমন ক্রিজ়ের অনেকটা বাইরে ছিল। আমার নজর ছিল বলের দিকে। মিসফিল্ড হলে সলমন নিশ্চয়ই রান নেওয়ার চেষ্টা করত। আমি বিষয়টাকে এ ভাবেই দেখছি।’’

Advertisement
আরও পড়ুন