ICC T20 World Cup 2026

শনিবার সকালে কালীঘাট মন্দিরে গম্ভীর, টি-টোয়েন্টি বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচের আগে পুজো দিলেন ভারতীয় দলের কোচ

কলকাতায় এলেই কালীঘাটে যান গৌতম গম্ভীর। আইপিএলের সময়ও যেতেন। ভারতীয় দলের কোচ হিসাবে যত বার এসেছেন, প্রতি বারই গিয়েছেন। এ বারও অন্যথা হল না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫০
picture of cricket

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারতের মরণ-বাঁচন ম্যাচ। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতে না পারলে বিদায় নিতে হবে গত বারের চ্যাম্পিয়নদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মা কালীর দ্বারস্থ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

Advertisement

ঈশ্বরের প্রতি অগাধ আস্থা গম্ভীরের। দেশের যে কোনও শহরে গেলেই সেখানকার কোনও বিখ্যাত মন্দিরে পুজো দেন। কলকাতায় এলে তাঁর কালীঘাটে পুজো দিতে যাওয়া নতুন কিছু নয়। এ শহরে এলে আর কিছু না করুন, গম্ভীর মা কালীর আশীর্বাদ নিতে কালীঘাটে যাবেনই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ ম্যাচের আগেও অন্যথা হল না।

শুক্রবার সন্ধ্যায় দল নিয়ে শহরে এসেছেন গম্ভীর। শোনা গিয়েছিল, সে দিনই রাতে কালীঘাটে যেতে পারেন গম্ভীর। পরে সূচি বদলে শনিবার সকালে কালী দর্শনে যান ভারতীয় দলের কোচ। পুজো দেন। দলের জন্য প্রার্থনা করেন। বেশ কিছু্ক্ষণ আরতি করেন। সব শেষে কপালে গেরুয়া তিলক পরে বাইরে বেরিয়ে আসেন।

শুক্রবার ভূমিকম্প হওয়ায় কিছুক্ষণের জন্য কলকাতা বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। তাই ভারতীয় দলের বিমান চেন্নাই থেকে নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরে যাত্রা শুরু করে। স্বভাবতই গম্ভীরদের কলকাতায় পৌঁছোতেও কিছুটা দেরি হয়। সম্ভবত সে কারণেই শুক্রবার সন্ধ্যায় কালীঘাট যাওয়ার পরিকল্পনা বাতিল করেন গম্ভীর।

Advertisement
আরও পড়ুন