ICC T20 World Cup 2026

মিতভাষী বরুণই ভারতীয় দলের ইমপ্যাক্ট প্লেয়ার, পুরস্কার পেতেই সতীর্থকে কঠিন চ্যালেঞ্জ অধিনায়ক সূর্যের

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের জয়ের পর ম্যাচের ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার পেয়েছেন বরুণ চক্রবর্তী। পুরস্কার পেতেই তাঁকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন সূর্যকুমার যাদব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৩
cricket

বরুণ চক্রবর্তী (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

মাঠে হোক, বা সাজঘরে, বাকিদের থেকে চুপচাপই থাকেন বরুণ চক্রবর্তী। উইকেট নেওয়ার পর উল্লাসেও বিশেষ কিছু থাকে না। কিন্তু বল হাতে নিজের কাজটা ঠিকমতো করেন ভারতীয় দলের স্পিনার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের জয়ের পর ম্যাচের ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার পেয়েছেন বরুণ। পুরস্কার পেতেই তাঁকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেন সূর্যকুমার যাদব।

Advertisement

ম্যাচশেষে সাজঘরে একটি ভিডিয়ো পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে দেখা যাচ্ছে, দলের প্রধান কোচ গৌতম গম্ভীর শুরুতে সকলকে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার আগে বলেছিলাম, যে দল সবচেয়ে বেশি সাহস দেখাবে, সেই দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। আমরা সেটাই করছি। খুব ভাল খেলেছ তোমরা।”

তার পরেই ভারতীয় দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু-কে দায়িত্ব দেওয়া হয় ইমপ্যাক্ট প্লেয়ারের নাম ঘোষণা করার। লি রু বলেন, “এমন একজন এই পুরস্কার পেয়েছে, যে মিতভাষী হলেও মাঠে নেমে ভয়ঙ্কর। তার নাম বরুণ চক্রবর্তী।” সেটা শুনে সকলে হাততালি দেন। লি রু-র হাত থেকে পুরস্কার নেন বরুণ। তাঁকে কিছু বলার অনুরোধ করা হয়।

সেটা শুনেই বরুণকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সূর্যকুমার। অধিনায়ক বলেন, “বরুণ, যা বলবি, হিন্দিতে বলবি। অন্য ভাষায় কিছু বলা যাবে না।” দক্ষিণ ভারতের ছেলে বরুণ হিন্দি খুব একটা ভাল বলতে পারেন না। সঞ্জু স্যামসন ও বরুণ একসঙ্গে মাঠে থাকলে তো দু’জনে দক্ষিণ ভারতীয় ভাষায় কথা বলেন। ইংরেজিতে তিনি সড়গড়। সেই কারণেই হিন্দিতে তাঁকে বলার চ্যালেঞ্জ দেন সূর্য।

তা শুনে বরুণ বলেন, “আসল প্রতিযোগিতা পরের ম্যাচ থেকে শুরু হচ্ছে। তার জন্য তৈরি হতে হবে। সব ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।” শুধু তিন লাইন বলেই নিজের আসনে বসে পড়েন মিতভাষী বরুণ।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বরুণ। একসময় হ্যাটট্রিকের সুযোগ ছিল তাঁর। পাকিস্তানের বিরুদ্ধেও হ্যাটট্রিকের সামনে ছিলেন বরুণ। কিন্তু এখনও হ্যাটট্রিক করতে পারেননি। মাঝের ওভারে সূর্যকে উইকেট এনে দিচ্ছেন আইসিসি ক্রমতালিকায় টি-টোয়েন্টির এক নম্বর বোলার। ফলে ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার পেলেন তিনি। গম্ভীরদের সাজঘরের পরিবেশ কতটা ফুরফুরে, তা এই ভিডিয়োতেই দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন