Asia Cup 2023

এশিয়া কাপে রবিবার শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আলাদা নিয়ম, কী?

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিশেষ ব্যবস্থা নিল এশিয়ার ক্রিকেট সংস্থা। রবিবার বৃষ্টির জন্য খেলা না হলে থাকবে রিজার্ভ দিনের ব্যবস্থা। অন্য কোনও ম্যাচে এই ব্যবস্থা নেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫১
Rohit Sharma and Babar Azam

রোহিত শর্মা এবং বাবর আজ়ম। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিশেষ ব্যবস্থা নিল এশিয়ার ক্রিকেট সংস্থা (এসিসি)। রবিবার বৃষ্টির জন্য খেলা না হলে থাকবে রিজার্ভ দিনের ব্যবস্থা। সে ক্ষেত্রে সোমবার হবে ম্যাচ। সুপার ফোরের অন্য কোনও ম্যাচে এই ব্যবস্থা নেই। শুধু মাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই বিশেষ ব্যবস্থা করা হল।

Advertisement

এশিয়া কাপের সুপার ফোরে রবিবার মুখোমুখি ভারত-পাকিস্তান। সুপার ফোরে শুধু এই ম্যাচের জন্যই রিজার্ভ দিন রাখা হল। গ্রুপ পর্বে এই দুই দলের লড়াই বৃষ্টির জন্য ভেস্তে যায়। ভারত সেই ম্যাচে ব্যাট করলেও বৃষ্টির কারণে পাকিস্তান ব্যাট করতে নামেনি। সুপার ফোরে রবিবারের ম্যাচ ছাড়া এশিয়া কাপের ফাইনালের জন্য রিজার্ভ দিন রাখা হয়েছে। কলম্বোতে এই ম্যাচগুলি রয়েছে। সেখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণেই রিজার্ভ দিনের ব্যবস্থা করছে এসিসি। তাতে সায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও।

রিজার্ভ দিন থাকলেও ঘোষিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি কোনও কারণে পরের দিন খেলা হয়, তাহলে প্রথম দিন যত দূর পর্যন্ত খেলা হয়েছে, সেখান থেকেই শুরু হবে। ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে যেমন হয়েছিল ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচে।

কলম্বোর যা আবহাওয়া তাতে আগামী এক সপ্তাহ সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পি প্রস্তুতকারক গডফ্রে ডাব্রেরা বলেন, “বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালেও বৃষ্টি হয়েছে। ফলে পিচ এবং তার আশপাশ স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আউটফিল্ডেও জল রয়েছে। কিন্তু আমরা পরিশ্রম করছি। ম্যাচের আগে মাঠ তৈরি করে ফেলার আত্মবিশ্বাস রয়েছে।”

এক সময় জানা গিয়েছিল, কলম্বো থেকে ম্যাচগুলি সরিয়ে দেওয়া হবে। কিন্তু এশিয়ার ক্রিকেট কাউন্সিল ঠিক করে যে ম্যাচ কলম্বোতেই হবে। ডাব্রেরা মনে করেন, তাঁর দল এমন অবস্থা সামাল দিতে যথেষ্ট দক্ষ। তিনি বলেন, “কলম্বো, পাল্লেকেলে এবং হামবানটোটায় বৃষ্টি হচ্ছে। আমরা ১০০ জন মাঠকর্মী নিয়ে কাজ করছি। এই তিন জায়গার পিচই তৈরি রাখা হচ্ছে। ম্যাচ কলম্বোতেই হবে বলে আমাদের জানানো হয়েছে। তবে তিনটি মাঠই তৈরি। প্রয়োজনে যে কোনও জায়গায় খেলা হতে পারে।”

Advertisement
আরও পড়ুন