ICC T20 World Cup 2026

পাকিস্তান খেলতে রাজি হওয়ার পর মুখ খুলল ভারতীয় দল, রবিবারের ম্যাচ নিয়ে কী ভাবছেন সূর্যেরা, জানিয়ে দিলেন গম্ভীরের সহকারী

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের পর প্রথম মুখ খুলল ভারতীয় দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২
cricket

সহকারী মর্নি মর্কেল (ডান দিকে) ও রায়ান টেন দুশখাতের সঙ্গে গৌতম গম্ভীর (বাঁ দিকে)। ছবি: পিটিআই।

বয়কটের আট দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। মহসিন নকভিদের এই সিদ্ধান্তের পর প্রথম মুখ খুলল ভারতীয় দল। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সতর্ক তাঁরা।

Advertisement

বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচের আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দুশখাতেকে পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে দুশখাতে বলেন, “আইসিসি বা আমাদের বোর্ড কোনও সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমরা সূচি অনুযায়ী নিজেদের তৈরি করেছি। আমরা এটা ধরেই এগোচ্ছিলাম যে রবিবারের ম্যাচ খেলব। আমরা রাজনীতি নিয়ে কিছু ভাবিনি। শুধু ক্রিকেটের উপরেই নজর রেখেছি।”

তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না বলেই মনে করছেন দুশখাতে। সতর্ক তাঁরা। ভারতের সহকারী কোচ বলেন, “কলম্বোতে গিয়ে খেলা যথেষ্ট চ্যালেঞ্জের। পাকিস্তান সেখানে কয়েক সপ্তাহ আছে। ওরা ওখানকার পরিবেশ ভাল জানে। তাই আমরা সতর্ক। নিজেদের সেরাটা দিতে আমরা তৈরি।”

এর আগে মঙ্গলবার সকালে আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। নাম না করে আইসিসির চেয়ারম্যান জয় শাহকে কৃতিত্ব দেন শুক্ল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আইসিসি প্রতিনিধিদলের উদ্যোগে এবং আইসিসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে যে আলোচনা শুরু হয়েছিল, তার ফলাফল দেখে আমি অত্যন্ত আনন্দিত। লাহৌরে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যে সমাধানসূত্র বার হয়েছে, তা প্রশংসনীয়। ক্রিকেটের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সৌহার্দপূর্ণ সমাধান খুঁজে পাওয়া গিয়েছে। এই উদ্যোগ নেওয়ার জন্য পুরো কৃতিত্ব আইসিসির।’’

আইসিসির জন্যই যে পাকিস্তানকে আলোচনায় বসানো গিয়েছে, সে কথা উল্লেখ করে শুক্ল বলেন, ‘‘আইসিসির জন্য এটা একটা বড় সাফল্য। আইসিসিকে ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য এবং পাকিস্তানকে আলোচনার টেবিলে নিয়ে এসে শেষপর্যন্ত কলম্বোর ম্যাচ খেলাতে রাজি করানোর জন্য।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এটা আমাদের সকলের জন্যই সুখবর যে, ১৫ই ফেব্রুয়ারি কলম্বোয় যথাসময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এ বারের বিশ্বকাপও বড় সাফল্য পাবে।’’

Advertisement
আরও পড়ুন