ICC T20 World Cup 2026

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে চোখ ছিল ভারতীয় দলের, জানিয়ে দিলেন হার্দিক, জিতলেও বোলারদের নিয়ে অখুশি সূর্য

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। কিন্তু সেই জয়ের পরেও বোলারদের নিয়ে অখুশি সূর্যকুমার যাদব। বোলারদের থেকে আরও ভাল পারফরম্যান্সের আশায় তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩
cricket

হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই নিজেদের হাতেই রেখেছে ভারত। জ়িম্বাবোয়েকে হারানোর পর এখন সামনে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের হারাতে পারলেই শেষ চারে উঠবে দল। জয়ের পরেও বোলারদের নিয়ে অখুশি সূর্যকুমার যাদব। বোলারদের থেকে আরও ভাল পারফরম্যান্সের আশায় তিনি। জ়িম্বাবোয়ে ম্যাচের আগে যে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে তাঁদের নজর ছিল তা স্বীকার করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য।

Advertisement

ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন হার্দিক। খেলা শেষে তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের দিকে আমাদের নজর ছিল। কারণ, ওই ম্যাচের উপরেও অনেক কিছু নির্ভর করছিল।”

ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন হার্দিক। তিনি জানিয়েছেন, নিজের টাইমিংয়ের উপর বিশ্বাস রেখেছিলেন। ভারতীয় অলরাউন্ডার বলেন, “আগের ম্যাচগুলোতে খুব জোরে মারার চেষ্টা করছিলাম। সেটা করতে গিয়ে ব্যাটে-বলে হচ্ছিল না। কিন্তু আজ টাইমিংয়ের দিকে নজর দিয়েছি। তাই বড় শট মারতে পেরেছি।”

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও খাটছেন হার্দিক। ইডেনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। হার্দিক জানিয়েছেন, নতুন বলের পাশাপাশি পুরনো বলেও বল করতে ভালবাসেন তিনি। উইকেট নেওয়ার চেষ্টা করেন। এই ম্যাচে তিন ওভার বল করেছেন তিনি। হার্দিক জানান, পুরস্কার অনুষ্ঠানের পর বাকি এক ওভার বলও করবেন তিনি। সত্যিই খেলা শেষ হয়ে যাওয়ার পরেও হার্দিককে বল করতে দেখা যায়।

দল জিতলেও পুরো খুশি হতে পারছেন না সূর্যকুমার। কারণ, দলের বোলিং। ভারতের ২৫৬ রানের জবাবে জ়িম্বাবোয়েও ১৮৪ রান করেছে। শিবম দুবে দুই ওভারে ৪৬ রান দিয়েছেন। জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীরাও রান দিয়েছেন। মাঠে সূর্যকে দেখে বোঝা যায়, খুশি হতে পারছেন না।

ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের আগে এই রোগ সারাতে চাইছেন সূর্য। তিনি বলেন, “আমাদের ব্যাটিং ভাল হয়েছে। কিন্তু বোলারদের আরও নিয়ন্ত্রিত বল করতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে। সেই জন্য একটু বিরক্ত হয়েছিলাম।”

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দক্ষিণ আফ্রিকার কাছে হারের কথা ভুলে গিয়ে এই ম্যাচে নেমেছিলেন বলে জানিয়েছেন সূর্য। ভারত অধিনায়ক বলেন, “আমরা আগের ম্যাচের কথা ভুলে এই ম্যাচে নেমেছি। আমাদের তথ্য বিশ্লেষক প্রত্যেক ব্যাটারের গত এক বছরের পারফরম্যান্স নিয়ে স্লাইড তৈরি করেছিল। সেটা দেখে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। শুরু থেকে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করেছি।”

আপাতত বিশ্রামের পর কলকাতায় নামতে তৈরি হবেন সূর্যেরা। এখন থেকেই ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের কথা তাঁর মনে। সূর্য বলেন, “আপাতত বিশ্রাম। কাল কলকাতায় যাব। সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে বসে পরিকল্পনা তৈরি করব। আশা করছি, এই ম্যাচের ছন্দই পরের ম্যাচে ধরে রাখতে পারব।”

Advertisement
আরও পড়ুন