ICC T20 World Cup 2026

ভয়ে কাঁপছিলাম! সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বল করার আগে কী মনে হয়েছিল, জানালেন শিবম

ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে যান শিবম দুবে। সেই ওভার করার আগে কী মনে হয়েছিল ভারতীয় ক্রিকেটারের, নিজেই জানালেন সে কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২২:৫৩
cricket

শিবম দুবে। ছবি: পিটিআই।

ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ওভারে ইংল্যান্ডের জিততে দরকার ছিল ৩০ রান। সকলকে অবাক করে দিয়ে সূর্যকুমার যাদব বল তুলে দেন শিবম দুবের হাতে। ম্যাচে তার আগে বল করেননি শিবম। ফলে শেষ ওভার করার আগে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তাঁর কী মনে হয়েছিল, সে কথা নিজেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ভিডিয়োতে শিবম জানিয়েছেন, ভয় পেলেও নিজের উপর বিশ্বাস হারাননি তিনি। শিবম বলেন, “তত ক্ষণে ঠিক হয়ে গিয়েছিল যে, শেষ ওভারে আমাকে বল করতে হবে। ভয়ে কাঁপছিলাম। কারণ, ম্যাচে তার আগে বল করিনি। কিন্তু পাশাপাশি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। জানতাম, ৩০ রান আটকাতে পারব।”

তখন শতরান করে খেলছিলেন জেকব বেথেল। প্রথম দু’বলে যদি চার-ছক্কা তিনি মেরে দিতেন তা হলে খেলার ফল যে কোনও দিতে যেতে পারত। সেটা জানতেন শিবম। সে ভাবেই পরিকল্পনা করেছিলেন তিনি। শিবম বলেন, “বেথেল শতরান করে খেলছিল। তাই জানতাম, বল করা সহজ হবে না। নিজেকে বুঝিয়েছিলাম, ভাল জায়গায় বল করতে হবে। আমি চেয়েছিলাম, প্রথম দুটো বল ভাল করতে। পুরো মনোযোগ প্রথম দুই বলের উপর ছিল। জানতাম, দুটো বলে রান না হলে ওরা চাপে পড়ে যাবে। সেটাই হয়েছে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন শিবম। তার পর শেষ ওভার বল করেন তিনি। দলের জয়ে ভূমিকা নিতে চেয়েছিলেন তিনি। শিবম বলেন, “সেমিফাইনালের মতো খেলায় দলের জয়ে যদি আপনার ১০ শতাংশ যোগদানও থাকে, সেটাই অনেক। আমি সেটাই করতে চেয়েছিলাম। করতে পেরেছি।”

শিবমের প্রথম বল সামনের দিকে মেরে দু’রান নেওয়ার চেষ্টা করেন বেথেল। কিন্তু হার্দিক পাণ্ড্যের থ্রোয়ে রান আউট হন তিনি। পরের দুই বলেও দু’টি সিঙ্গল আসে। সেখানেই খেলা ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যায়। পরে একটি ওয়াইড করেন শিবম। তাঁর শেষ তিনটি বলে তিনটি ছক্কা মারেন জফ্রা আর্চার। তত ক্ষণে খেলা ভারতের হাতে। শেষ পর্যন্ত ৭ রানে জিতে ফাইনালে ওঠে ভারত। ভয় কাটিয়ে মুখে হাসি ফোটে শিবমের।

Advertisement
আরও পড়ুন