ICC ODI World Cup 2023

হাসপাতালে ভর্তি শুভমন, কমেছে প্লেটলেট, কবে মাঠে ফিরতে পারবেন ভারতীয় ওপেনার?

বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গি আক্রান্ত হন শুভমন গিল। ভারতীয় দলের ওপেনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি। হাসপাতালে ভর্তি করতে হয়েছে শুভমনকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ০৯:২৩
Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

এক দিনের বিশ্বকাপ শুরুর ঠিক আগে জানা যায়, ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল। ভারতীয় দলের ওপেনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুভমনকে। তাঁর প্লেটলেট কমছে বলে জানা গিয়েছে। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচেও খেলতে পারবেন না শুভমন। বোর্ডের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছিল যে, তরুণ ওপেনারকে চেন্নাইয়ে রেখেই দিল্লি গিয়েছে দল। তবে সূত্রের খবর, শুভমনকে সোমবারই চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বোর্ডের চিকিৎসক রিজ়ওয়ান খান শুভমনকে দেখছেন। ভারতীয় ওপেনারের প্লেটলেট কমছে বলেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই কারণেই দিল্লি যেতে পারেননি তিনি। প্লেটলেট কমার সময় বিমানযাত্রা ঠিক নয় বলেই চিকিৎসকেরা জানিয়েছেন।

দলের সঙ্গে চেন্নাইয়ে গেলেও অনুশীলন করতে পারেননি। হোটেলের ঘরেই ছিলেন তিনি। প্রথম দু’ম্যাচে খেলতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানোর চেষ্টা করা হবে বলে প্রথমে জানা গিয়েছিল। কিন্তু এখন হাসপাতালে ভর্তি থাকায় শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও শুভমনের খেলা অনিশ্চিত। আমদাবাদ তাঁর অন্যতম পছন্দের মাঠ। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে এই মাঠেই খেলেন শুভমন। রানও পেয়েছেন এই মাঠে। বিশ্বকাপে সেই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ ছিল শুভমনের কাছে। কিন্তু সেই ম্যাচ খেলা শুভমনের পক্ষে এখন প্রায় অসম্ভব বলেই ধরে নেওয়া হচ্ছে।

gfx

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সুস্থ হয়ে উঠলে দলের সঙ্গে যোগ দেবেন শুভমন। এ বারের বিশ্বকাপে ১০টি দল খেলছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ম্যাচ রয়েছে। ভারত সবে একটি ম্যাচ খেলেছে। আরও আটটি ম্যাচ বাকি। এই লম্বা প্রতিযোগিতায় শুরুর দিকে না পেলেও শুভমনের মতো ওপেনারকে দলে পাওয়ার অপেক্ষায় থাকবে ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমন না খেলায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিশন। কিন্তু তিনি কোনও রান করতে পারেননি। আফগানিস্তান ম্যাচে আরও একটি সুযোগ পাবেন ঈশান। সেটা কাজে লাগিয়ে বাঁ হাতি ওপেনার দলকে ভরসা দিতে পারেন কি না, সেই দিকে নজর থাকবে সমর্থকদের।

Advertisement
আরও পড়ুন