ICC T20 World Cup 2026

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন, আইপিএলে খেলতে পারবেন হর্ষিত? রানা কতটা সুস্থ, জানিয়ে দিল কেকেআর

বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান হর্ষিত রানা। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় পেসারের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৯
cricket

হাসপাতালের বিছানায় শুয়ে হর্ষিত রানা। ছবি: এক্স।

শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। তার পরেই জানিয়ে দেওয়া হয়, চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় পেসারের। তিনি কেমন আছেন, তা জানালেন হর্ষিত নিজেই। পেসারের শারীরিক অবস্থার কথা জানিয়েছে আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও।

Advertisement

হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন হর্ষিত। হাসিমুখেই ছবি তুলেছেন তিনি। হর্ষিত লেখেন, “অস্ত্রোপচার ভাল ভাবে হয়েছে। এ বার সুস্থ হয়ে যা ভালবাসি সেখানেই ফেরার পালা।” বিশ্বকাপের পরেই আইপিএল। কলকাতা নাইট রাইডার্সে ভাল খেলেই হর্ষিতের ভারতীয় দলে সুযোগ পাওয়া। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিয়ে কেকেআর সমাজমাধ্যমে লিখেছে, “ভাল করে সুস্থ হয়ে ওঠো হর্ষিত। আমরা তোমার অপেক্ষা করছি।” কেকেআরের কথা থেকে ইঙ্গিত, বিশ্বকাপে খেলতে না পারলেও আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন এই ডানহাতি পেসার।

কেকেআরের মেন্টর থাকাকালীন হর্ষিতকে কাছ থেকে দেখেছেন গৌতম গম্ভীর। তিনি ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর তিন ফরম্যাটেই অভিষেক হয়ে গিয়েছে হর্ষিতের। তাঁকে ধারাবাহিক ভাবে দলে সুযোগ দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। অনেকেই অভিযোগ করেছেন, গম্ভীরের প্রিয়পাত্র হওয়ায় হর্ষিত সুযোগ পান। এই অভিযোগের জবাবও দিয়েছেন গম্ভীর। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নিজের যোগ্যতায় দলে জায়গা করেছেন হর্ষিত।

এ বারের বিশ্বকাপে ভারতীয় দলে তিন পেসারের মধ্যে এক জন ছিলেন হর্ষিত। যদি কোনও ম্যাচে জসপ্রীত বুমরাহ বা অর্শদীপ সিংহ না খেলতেন, তা হলে প্রথম একাদশে খেলার কথাও ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েন তিনি। বদলে মহম্মদ সিরাজকে বিশ্বকাপের দলে নেওয়া হয়। প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগও পেয়েছেন সিরাজ। ৩ উইকেটও নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন