ICC T20 World Cup 2026

ইডেনের নায়ক সঞ্জুকে নিয়ে কুরুচিকর মন্তব‍্য, মোদী সরকারের মন্ত্রীর হস্তক্ষেপ চাইল কংগ্রেস, বাড়ছে বিতর্ক

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তুলেছেন তিনি। পরের দিনই বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হলেন সঞ্জু স্যামসন। সমাজমাধ্যমের একটি পোস্ট ঘিরে বিতর্ক। শাস্তি চেয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছে কেরল কংগ্রেস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২২:৫৬
cricket

সঞ্জু স্যামসন। ছবি: পিটিআই।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তুলেছেন তিনি। পরের দিনই বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হলেন সঞ্জু স্যামসন। ভারতের ওপেনারকে নিয়ে করা সমাজমাধ্যমের একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওই পোস্টদাতার শাস্তি চেয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছে কেরল কংগ্রেস।

Advertisement

সঞ্জু এবং ওয়েস্ট ইন্ডিজ় দলের ক্রিকেটারদের গায়ের রংকে কটাক্ষ করে সমাজমাধ্যমে একজন পোস্ট করেছিলেন, “একমাত্র কালো শক্তিই কালো শক্তিকে হারাতে পারে। দারুণ খেলেছো সঞ্জু স্যামসন।” এই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছেন।

কেরল কংগ্রেস ওই পোস্ট উল্লেখ করে লিখেছে, “ভারতের মতো দেশে এই ধরনের নোংরা বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। আমরা অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করছি, যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে কেরলের গর্ব সঞ্জুর উদ্দেশে এই জঘন্য পোস্ট করা হয়েছে তাকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক।” উল্লেখ্য, বৈষ্ণব ভারতের রেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

ইডেনে দেশকে সেমিফাইনালে তুলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর সঞ্জু বলেছিলেন, ‘‘দীর্ঘ দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি। ১০-১২ বছর ধরে আইপিএল খেলছি। দেশের হয়েও প্রায় ১০ বছর খেলছি। বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে অনেক কিছু শিখেছি। সেটা আমাকে সাহায্য করেছে। অভিজ্ঞতা বাড়িয়েছে। ওরা কী ভাবে খেলত, পরিস্থিতি অনুযায়ী কী ভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করত সেগুলো দেখেছি।’’

রবিবারের ইনিংস নিয়ে বলেছিলেন, ‘‘আগের দিন আমরা আগে ব্যাট করেছিলাম। বড় রান তোলার লক্ষ্য ছিল। প্রথম থেকেই মারতে হয়েছিল। ও রকম ভাবে খেলতে হলে আউট হওয়ার সম্ভাবনা থাকে। এ দিন তেমন ছিল না। জানতাম, কত রান করতে হবে। সেই মতো খেলার চেষ্টা করেছি। একটা একটা করে বল নিয়ে ভেবেছি। বলের মান বুঝে খেলার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে না বিশেষ কিছু করেছি। তবে এটা আমার জীবনের অন্যতম সেরা দিন।’’

সঞ্জু আরও বলেছিলেন, ‘‘যে দিন থেকে ক্রিকেট খেলতে শুরু করেছি, সে দিন থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। এমনই একটা ইনিংসের জন্য এত দিন অপেক্ষা করেছিলাম। আমার ক্রিকেটজীবনের যাত্রাটা দারুণ। নানা উত্থান-পতন রয়েছে। একটা সময় নিজের উপরই একটা অবিশ্বাস তৈরি হয়েছিল। ভাবতাম, আমি কি পারব? ঈশ্বরকে অনেক ধন্যবাদ আমাকে আশীর্বাদ করার জন্য।’’

Advertisement
আরও পড়ুন