IPL 2026

অধিনায়ক রাহানের সুরে সুর মেলালেন কোচ অভিষেক, কোহলিদের কাছে হেরে এক জনের অভাব টের পাচ্ছেন নায়ার

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের নেপথ্যে ক্যাচ ফস্কানোকে দায়ী করেছেন অজিঙ্ক রাহানে। একই কথা শোনা গেল কেকেআরের কোচ অভিষেক নায়ারের মুখেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৪:৩৪
cricket

অভিষেক নায়ার। —ফাইল চিত্র।

বিরাট কোহলির ক্যাচ ফস্কেই যে তাঁরা ম্যাচ হেরেছেন তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন অভিষেক নায়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের নেপথ্যে ক্যাচ ফস্কানোকে দায়ী করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। একই কথা শোনা গেল কেকেআরের কোচ অভিষেকের মুখেও।

Advertisement

খেলা শেষে অভিষেক বলেন, “বিরাট কোহলির ক্যাচ ছাড়লে ম্যাচ জেতা যায় না। বিশেষ করে রান তাড়া করতে নেমে কোহলি যদি এক বার জীবন পায়, তা হলে ওকে আটকানো প্রায় অসম্ভব। সেটাই দেখা গেল।” ২১ রানের মাথায় কোহলির ক্যাচ ছাড়েন রভম্যান পাওয়েল। ক্যাচটি কঠিন হলেও এই ধরনের ক্যাচ দেখা যায়। সেই কোহলি ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে জেতান।

রায়পুরে প্রথমে ব্যাট করে ১৯২ রান করেছিল কেকেআর। অভিষেকের মতে, তাঁদের রান ভালই হয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে কিছু ভুল হয়েছে। অভিষেক বলেন, “আমরা রান কম করিনি। এই পিচে এই রান অনেক। কিন্তু বল করতে নেমে কয়েকটা ভুল করেছি। সেগুলো ঠিক করতে পারতাম। সেই ভুলগুলো আমাদের পিছিয়ে দিল। আর ফিরতে পারলাম না।”

চোটের কারণে এই ম্যাচে বরুণ চক্রবর্তীকে পায়নি কেকেআর। বরুণ থাকলে হয়তো ছবিটা অন্য রকম হত। স্পিনারের অভাব টের পাচ্ছেন অভিষেক। তিনি বলেন, “হেরে গেল তো অনেক কিছুই মনে হয়। আর ১০-১৫ রান করলে হয়তো জিততাম। ক্যাচগুলো ধরতে পারলে হয়তো জিততাম। বরুণ খেললে হয়তো জিততাম। এই ম্যাচে ওকে দরকার ছিল। নারাইন ও বরুণের জুটি এই পিচে ভয়ঙ্কর হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওকে পেলাম না। দ্বিতীয় বার ওর হাড়ে চিড় ধরল। তার খেসারত দিতে হল।”

খেলা শেষে রাহানেও ক্যাচ ফস্কানোর কথা বলেছেন। রাহানে বলেন, “বিরাট ভয়ঙ্কর ব্যাটার। বিশেষ করে রান তাড়া করার সময়। পড়িক্কলও বেশ ভাল খেলছিল। গত কয়েকটা ম্যাচে আমরা ভাল ক্যাচ ধরছিলাম। কিন্তু এই ম্যাচে দুটো ক্যাচ পড়ল। তার মধ্যে একটা বিরাটের। এই ভুল করলে জেতা যায় না।” রাহানের কথা থেকে পরিষ্কার, যদি ক্যাচ দু’টি না পড়ত, তা হলে ম্যাচের ফল কেকেআরের পক্ষে যেতে পারত। অর্থাৎ, পাওয়েল ও বৈভবের নাম না করলেও তাঁদেরই হারের জন্য দায়ী করেছেন অধিনায়ক। যদিও তার পরেই রাহানে বলেন, “সকলে খুব পরিশ্রম করছে। ক্যাচ পড়তেই পারে। তবে আমাদের আরও সতর্ক হতে হবে।” সেই একই কথা শোনা গেল অভিষেকের মুখেও।

Advertisement
আরও পড়ুন