IPL

হার্দিককে পেতে চাইছে কেকেআর, কথা শুরু মুম্বইয়ের সঙ্গে, লড়াইয়ে আইপিএলের আরও এক দল, একটি কারণে পাল্লা ভারী শাহরুখদের

মুম্বই ইন্ডিয়ান্স যে হার্দিক পাণ্ড্যকে রাখবে না, তা নিশ্চিত। দু’বছর আগে ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়ে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে দলে নিয়েছিল মুম্বই। কিন্তু তাঁকে নিয়ে আশা ভঙ্গ হয়েছে মুম্বই কর্তৃপক্ষের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২১:২৩
picture of cricket

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ। কুলদীপ যাদব আবার দিল্লি ছেড়ে লখনউয়ে। এর মধ্যেই হার্দিক পাণ্ড্যকে দলে পেতে ঝাঁপিয়েছে আইপিএলের দু’টি দল। তার মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ যে হার্দিককে আগামী মরসুমে রাখবেন না, তা নিশ্চিত হয়ে গিয়েছে। দু’বছর আগে ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়ে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে দলে নিয়েছিল মুম্বই। কিন্তু তাঁকে নিয়ে আশা ভঙ্গ হয়েছে মুম্বই কর্তৃপক্ষের। মুম্বইয়ের অধিনায়ক হিসাবে হার্দিক সাফল্য না পেলেও আইপিএলে বদোদরার অলরাউন্ডারের চাহিদা কমেনি। কেকেআর এবং রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ হার্দিককে চাইছেন। মুম্বইয়ের সঙ্গে আলোচনাও শুরু করেছে দু’দল।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হার্দিককে কেকেআরের কাছে বিক্রি করতে আপত্তি নেই মুম্বইয়ের। তবে পরিবর্তে তাদের পছন্দের ক্রিকেটারকেও ছাড়তে হবে। একই কথা প্রযোজ্য রাজস্থানের ক্ষেত্রেও। কেকেআরের সঙ্গে যুক্ত এক ব্যক্তি পিটিআইকে বলেছেন, ‘‘অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করা হয়েছিল স্টপগ্যাপ হিসাবে। স্থায়ী পরিকল্পনা কোনও দিনই ছিল না। আগামী মরসুমের আগে রাহানেকে ছেড়ে দেওয়া হবে। কেকেআরের শীর্ষ কর্তারা হার্দিকের ব্যাপারে কথা শুরু করেছে মুম্বইয়ের সঙ্গে। কয়েক দফা কথাও হয়েছে। রিল্যায়ান্সের বার্ষিক সাধারণ সভার কারণে কয়েক দিন বিষয়টা থমকে রয়েছে। এই মুহূর্তে আইপিএল মুম্বই কর্তৃপক্ষের কাছে অগ্রাধিকারের তালিকায় নেই।’’

গত মরসুমে সহ-অধিনায়ক ছিলেন রিঙ্কু সিংহ। তাঁকে এখনই অধিনায়ক করতে চাইছে না শাহরুখ খানের দল। অভিজ্ঞ কাউকে চাইছেন ভেঙ্কি মাইসোরেরা। হার্দিকই তাঁদের প্রথম পছন্দ। তাঁকে পেলে নেতৃত্বের সঙ্গে সেরা মানের দেশীয় অলরাউন্ডারের সমস্যাও মিটবে। হার্দিকের পরিবর্ত হিসাবে কেকেআরের কোন ক্রিকেটারকে মুম্বইয়ের পছন্দ, তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। রিঙকু অথবা অঙ্গকৃশ রঘুবংশীকে চাইতে পারে মুম্বই।

অন্য দিকে, হার্দিককে দলে পেতে ঝাঁপিয়েছে রাজস্থান রয়্যালসও। মালিকানা বদলের পর দলের খোলনোলচে পরিবর্তনের কথা ভেবেছেন কর্তারা। তাঁদেরও নজর হার্দিকের দিকে। সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে চলে যাওয়ায় গত মরসুমে রিয়ানকে অধিনায়ক করা হয়েছিল। পারফরম্যান্স খুব ভাল না হলেও আপাতত তাঁকেই দায়িত্বে রাখা হতে পারে। তবে যশস্বী জয়সওয়াল নাকি রাজস্থান ছাড়তে চাইছেন। সঞ্জুর পর রিয়ানকে অধিনায়ক করায় তিনি অসন্তুষ্ট। দলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না বলে মনে করেছেন ভারতীয় দলের ওপেনার।

মুম্বই থেকে হার্দিককে নিয়ে যশস্বীকে ছেড়ে দিতে পারে রাজস্থান। যশস্বী আদতে মুম্বইয়েরই ক্রিকেটার। তাঁকে নিয়ে আগ্রহ রয়েছে মুম্বই কর্তৃপক্ষেরও। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবেরা ক্রিকেটজীবনের শেষ দিকে। এই পরিস্থিতিতে যশস্বীকে পেলে আগামী কয়েক বছরের জন্য নিশ্চিত থাকা যেতে পারে। সব মিলিয়ে রাজস্থান-মুম্বই সমঝোতা হওয়ার সম্ভবনাই বেশি। কিন্তু বেঁকে বসতে পারেন হার্দিক। কারণ রাজস্থানে গেলে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম। কেকেআর কর্তৃপক্ষ নাকি হার্দিককে পেতে মুম্বইকে আকর্ষণীয় প্রস্তাব দিয়ে রেখেছেন। প্রয়োজনে হার্দিককে সরাসরি টাকা দিয়েও কিনে নিতে রাজি শাহরুখের দল।

Advertisement
আরও পড়ুন