IPL 2025

আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভারের নজির শার্দূলের, স্পর্শ করলেন আরও দু’জনের ‘কীর্তি’

কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে আইপিএলে সবচেয়ে বেশি বলের ওভার করেছেন শার্দূল ঠাকুর। প্রথম পাঁচটি বল ওয়াইড করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২২:৫৬
picture of Shardul Thakur

শার্দূল ঠাকুর। ছবি: বিসিসিআই।

আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভারের নজির গড়লেন শার্দূল ঠাকুর। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার।

Advertisement

কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে আইপিএলে সব থেকে বেশি বলের ওভার করেছেন শার্দূল। ওভারের প্রথম পাঁচটি বল ওয়াইড করেন তিনি। সব মিলিয়ে ১১টি বল করার পর শেষ হয় তাঁর ওভার। তবে ওভারের প্রথম পাঁচটি বলই ওয়াইড এর আগে কোনও বোলার করেননি আইপিএলে।

আইপিএলে দীর্ঘতম ওভারের লজ্জার রেকর্ড স্পর্শ করেছেন শার্দূল। নতুন নজির গড়তে পারেননি তিনি। কারণ অতীতে মহম্মদ সিরাজ এবং তুষার দেশপাণ্ডেরও ১১ বলের ওভার করার নজির রয়েছে। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তুষার লখনউয়ের বিরুদ্ধে ১১ বলে ওভার শেষ করেছিলেন। সে বছরই সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১টি বল করেছিলেন এক ওভারে। ফলে আইপিএলে দীর্ঘতম ওভারের রেকর্ড শার্দূল, সিরাজ এবং তুষারের যুগ্ম ভাবে থাকল।

মঙ্গলবারের ম্যাচে শার্দূল ৪ ওভার বল করে ৫২ রান দিয়েছেন। পেয়েছেন ২টি উইকেট। মোট আটটি ওয়াইড বল করেছেন এ দিন তিনি। লখনউয়ের বোলারেরা সব মিলিয়ে করেছেন ২০টি ওয়াইড।

Advertisement
আরও পড়ুন