IPL 2026

১১ ম্যাচ অপেক্ষার পর ৮ বল করেই আবার চোট! ১৮ কোটির পাথিরানাকে নিয়ে নতুন সমস্যায় ককেআর

কলকাতা নাইট রাইডার্সের ১৮ কোটি টাকা কি জলেই গেল? দীর্ঘ অবসানের পর শনিবার কেকেআরের হয়ে অভিষেক হয় চোট সারিয়ে ফেরা মাথিশা পাথিরানার। কিন্তু ৮ বল করেই আবার চোট পেয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১০:৫৮
picture of cricket

মাথিশা পাথিরানা। ছবি: এক্স।

১৮ কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়ায় আইপিএলের শুরু থেকে তাঁকে পাওয়া যায়নি। প্রতিযোগিতার মাঝ পথে দলে যোগ দেওয়ার পরও প্রথম একাদশে রাখা হচ্ছিল না। শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮ বল করার পর আবার চোট পেয়ে মাঠ ছাড়লেন শ্রীলঙ্কার জোরে বোলার।

Advertisement

শুভমন গিলদের বিরুদ্ধে আইপিএলের ১২তম ম্যাচ খেলতে নেমেছিলেন অজিঙ্ক রাহানে। প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারায় বৈভব অরোরাকে অবশেষে বাদ দিয়ে পাথিরানাকে সুযোগ দেন কেকেআর কর্তৃপক্ষ। তাতে সমস্যা কমল না। বরং আরও বাড়ল।

ইমপ্যাক্ট সাব হিসাবে শনিবার কেকেআরের হয়ে অভিষেক ম্যাচ খেলেন পাথিরানা। ১.২ ওভার বল করেছেন। তার মধ্যে দু’টি ওয়াইড-সহ দিয়েছেন ৯ রান। নিজের অষ্টম বল করার পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পাথিরানা। অথচ কয়েক দিন আগে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছিলেন, পাথিরানার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। চোট সারার পর পাথিরানা ফিটনেস পরীক্ষা দিয়েই আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে। তার পর খেলতে নেমেই তিনি চোট পাওয়ায় হতাশ কেকেআর শিবির।

শনিবার প্রথম ওভার বল করার পরই অস্বস্তি অনুভব করলেন পাথিরানা। মাঠে এসে কেকেআরের ফিজিয়ো তাঁর শুশ্রূষা করেন। তার পরও কিছুটা সমস্যা ছিল। তা-ও দ্বিতীয় ওভার করতে যান। কিন্তু ২ বলের বেশি করতে পারেননি। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের যে পেশিতে চোট পেয়েছিলেন, তাতেই নতুন করে সমস্যা দেখা দিয়েছে। লিগ পর্বের গুরুত্বপূর্ণ সময়ে পাথিরানার চোট সমস্যায় ফেলতে পারে রাহানেদের। পাথিরানার চোট কতটা গুরুতর, তা কেকেআর শিবির থেকে জানানো হয়নি।

আইপিএলের প্লেঅফে জায়গা করে নিতে হলে বাকি ম্যাচগুলিতে জয় ছাড়া উপায় নেই রাহানেদের সামনে। মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ বাকি। ধুঁকতে থাকা দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতেছে। দিল্লির সম্ভাবনা রয়েছে প্লেঅফে ওঠার। স্বভাবতই কেকেআরের বিরুদ্ধে জিততে মরিয়া থাকবেন অক্ষর পটেলেরা। মুম্বইয়ের সুযোগ নেই। তবে সম্মানের লড়াইয়ে সূর্যকুমার যাদব, রোহিত শর্মারাও জয়ের জন্য ঝাঁপাতে চাইবেন। এই পরিস্থিতিতে পাথিরানার চোট কেকেআরকে নিঃসন্দেহে নতুন সমস্যায় ফেলল।

Advertisement
আরও পড়ুন