IPL 2026

‘আমার ধারেকাছে কোনও বোলার আছে?’ আইপিএলে নামার আগে আবার চ্যালেঞ্জ শামির, নির্বাচকদের দাঁড় করালেন কাঠগড়ায়

বুধবার চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন মহম্মদ শামি। নতুন দলের হয়ে নামার আগে আরও এক বার নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:০৭
cricket

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

আবার প্রশ্ন তুললেন মহম্মদ শামি। আবার করলেন চ্যালেঞ্জ। এই বার পরিসংখ্যান তুলে ধরলেন বাংলার পেসার। বুধবার চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন শামি। নতুন দলের হয়ে নামার আগে আরও এক বার নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

Advertisement

শুভঙ্কর মিশ্রের পডকাস্টে শামি প্রশ্ন তোলেন, কেন তাঁকে টি-টোয়েন্টির বোলার হিসাবে ধরা হবে না। তিনি বলেন, “আমার মনে হয় না কারও পরিসংখ্যান দেখার প্রয়োজন রয়েছে। আমার মতে, যদি আপনার প্রতিভা ও দক্ষতা থাকে, তা হলে পরিসংখ্যানের কী কাজ। যদি আপনি ভাল খেলেন, তা হলে কাউকে ভয় পাওয়ার দরকার নেই।”

তার পর অবশ্য নিজেই পরিসংখ্যান তুলে ধরেন শামি। তিনি বলেন, “আইপিএলের পরিসংখ্যান দেখুন। আমার ধারেকাছে কোনও ভারতীয় বোলার রয়েছে? তার পরেও আমি টি-টোয়েন্টির বোলার নই। গত পাঁচ-ছ’বছরে ১৩০ উইকেট নিয়েছি। আর কী করতে হবে আমাকে?”

শামির পরিসংখ্যান ভুল নয়। গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাত ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে আইপিএলে ৫৬ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন তিনি। তবে তাঁর ধারেকাছে কেউ নেই, এই দাবি ভুল। গত পাঁচ বছরে আইপিএলে জসপ্রীত বুমরাহ, আবেশ খান, অর্শদীপ সিংহ ও হর্ষল পটেল শামির থেকে বেশি উইকেট নিয়েছেন।

গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ বার ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন শামি। তার পর থেকে বুমরাহ ও অর্শদীপ দলের প্রধান দুই পেসারের জায়গা নিয়েছেন। তৃতীয় পেসার হিসাবে রয়েছেন হর্ষিত রানা। তিনি চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ সিরাজকে খেলিয়েছে ভারত। তার পরেও শামিকে নেওয়া হয়নি।

চোট সারিয়ে ফেরার পর থেকে ব্রাত্য শামি। ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, শামির চোট নিয়ে কোনও তথ্য তাঁদের কাছে নেই। জবাবে আগরকরকে নিশানা করে শামি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। চোটের তথ্য দেওয়া কি তাঁর কাজ? আগরকরের বিরুদ্ধে যে তাঁর ক্ষোভ এখনও কমেনি তা শামির এই কথা থেকেই স্পষ্ট।

গত বছর আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদে ছিলেন শামি। তবে ভাল খেলতে পারেননি তিনি। ফলে পরের দিকের ম্যাচে তাঁকে বাইরে বসতে হয়েছিল। তার পরেও এ বার নিলামের আগে ১০ কোটি টাকা দিয়ে শামিকে হায়দরাবাদ থেকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্টস। দলের যা পেস আক্রমণ, তাতে শামিই নেতা। এখন দেখার এ বারের আইপিএলের শুরুটা কেমন করেন তিনি।

Advertisement
আরও পড়ুন