MS Dhoni

অস্ত্রোপচার হয়েছে, চার মাস পরেই আইপিএল, নিলামের আগে কোথায় ধোনি? কী করছেন?

চার মাস পরেই শুরু আইপিএল। তার আগে অস্ত্রোপচার হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। ডিসেম্বরে আইপিএলের নিলামের আগে কী করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ ১৮:২৩
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

কয়েক মাস আগে অস্ত্রোপচার হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। গত বছর আইপিএলের সময় হাঁটুর চোট তাঁকে ভুগিয়েছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পরে আর দেরি করেননি ধোনি। হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। সামনের মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ডিসেম্বর মাসে আইপিএলের নিলামের আগে ধোনিকে দেখা গেল বন্ধুর বাড়িতে। সেখানে বন্ধুর জন্মদিন পালন করছেন তিনি।

Advertisement

ধোনির এক ভক্ত তাঁর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বন্ধু অনুভব দেওয়ানের জন্মদিনে গিয়েছেন তিনি। সেখানে ধোনি ছাড়াও আরও কয়েক জন রয়েছেন। বন্ধু কেক কাটার পরে ধোনিকে তা খাইয়ে দেন। হাসি মুখে দেখা গিয়েছে মাহিকে।

আগামী আইপিএলের আগে চেন্নাই ধোনিকে ধরে রাখলেও তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা গিয়েছিল। সেই ধোঁয়াশা কাটিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। একটি ভিডিয়োয় তিনি বলেন, ‘‘আমাদের নেতা আগেই বলে দিয়েছে যে ও কখনওই আমাদের ছেড়ে যায়নি। গত বার আইপিএলের শেষেই চেন্নাইয়ের জনতাকে খুশির খবর দিয়েছিল ধোনি। ও এমন এক নেতা যে নিজের কথা রাখতে জানে। আমরা ওকে খুব ভাল ভাবে চিনি।’’

অস্ত্রোপচারের পরে ধোনি কেমন আছেন সে কথাও জানিয়েছেন বিশ্বনাথন। তিনি বলেন, ‘‘ধোনি অস্ত্রোপচারের পরে নিজেকে সময় দিয়েছে। এখন ও অনেকটাই সুস্থ। আইপিএলের এখনও দেরি আছে। তার আগে ও ম্যাচ ফিট হয়ে যাবে। ধোনি আমাদের নেতা। এ বারও ধোনিই আমাদের নেতৃত্ব দেবে।’’

গত বার পঞ্চম আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়েছে তারা। যা পরিস্থিতি তাতে সামনের বছর হয়তো ধোনি আর খেলবেন না। তাই এই বছর তিনি আইপিএল জিতে শেষ করতে চাইবেন। ধোনিকে যে শুরু থেকেই চেন্নাই পাবে সে কথা জানিয়ে দিয়েছেন বিশ্বনাথন।

Advertisement
আরও পড়ুন