Tilak Varma on Retired Out in IPL 2025

‘রিটায়ার্ড আউট’ নিয়ে দুঃখ হচ্ছে? দিল্লির বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলে মুখ খুললেন তিলক

দিল্লির বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিলক বর্মা। সেই ইনিংসের পর লখনউয়ের বিরুদ্ধে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৩:২৭
cricket

তিলক বর্মা। —ফাইল চিত্র।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ‘রিটায়ার্ড আউট’ করা হয়েছিল তিলক বর্মাকে। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। যদিও তার পরের দু’টি ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। সেই ইনিংসের পর আবার ‘রিটায়ার্ড আউট’-এর ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিলক। এখনও কি তাঁর দুঃখ হচ্ছে?

Advertisement

তিলক জানিয়েছেন, ঘটনাটি ইতিবাচক ভাবে দেখছেন তিনি। তাঁর মতে, দলের স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিলক বলেন, “আমার কিছু মনে হয়নি। আমি বুঝতে পেরেছিলাম, দলের স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ইতিবাচক ভাবে বিষয়টা দেখছি। আপনি কী ভাবে বিষয়টা ভাবছেন সেটাই আসল। আমি ইতিবাচক ভাবে দেখছি।”

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার স্পষ্ট করে দিয়েছেন, তাঁকে যেখানেই ব্যাট করতে পাঠানো হোক, তিনি তৈরি। তিলক বলেন, “আমাকে যেখানেই ব্যাট করতে পাঠানো হোক না কেন, আমি একই মানসিকতা নিয়ে খেলতে চাই। আমিই কোচকে সে কথা জানিয়েছি। সব জায়গায় খেলতে আমি স্বচ্ছন্দ। আমি নিজের সেরাটা দিতে চাই।”

লখনউয়ের বিরুদ্ধে শেষ সাত বলে জিততে ২৪ রান দরকার ছিল মুম্বইয়ের। সেই সময় ২৩ বলে ২৫ রান করে খেলছিলেন তিলক। তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করার সিদ্ধান্ত নেয় মুম্বই। নামানো হয় মিচেল স্যান্টনারকে। তাতে অবশ্য মুম্বই জিততে পারেনি। ১২ রানে হারে তারা। তার পরেই সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়। কোন পরিকল্পনায় তিলকের বদলে স্যান্টনারকে নামানো হল সেই প্রশ্ন ওঠে।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ বলে ৫৬ রান করেন তিলক। তার পরেও দল জেতেনি। ২২২ রান তাড়া করতে নেমে ১৩ রানে হারে মুম্বই। দিল্লির বিরুদ্ধে ৩৩ বলে ৫৯ রান করেন তিলক। তাঁর ব্যাটে ভর করে ২০৫ রান করে মুম্বই। ১২ রানে জেতে তারা। চলতি মরসুমে পাঁচটি ইনিংসে ২১০ রান করেছেন তিলক। মুম্বইয়ের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান তাঁর। ৪২ গড় ও ১৪৩.৮৩ স্ট্রাইক রেটে রান করছেন তিনি। ব্যাটেই সব সমালোচনার জবাব দিচ্ছেন তিলক।

Advertisement
আরও পড়ুন