ICC T20 World Cup 2026

শনিবার শুরু সুপার এইটের যুদ্ধ, শুধু তারিক নয়, পাকিস্তানের কোনও স্পিনারকেই ভয় পাচ্ছে না নিউ জ়িল্যান্ড

শেষ দু’বছরে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ২০টি ম্যাচ খেলেছে নিউ জ়িল্যান্ড। তাই শনিবার সুপার এইটের প্রথম ম্যাচের আগে তারা ভয় পাচ্ছে না পাকিস্তানকে। কী বললেন মার্ক চ্যাপম্যান?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১১
cricket

পাকিস্তানের স্পিনার উসমান তারিক। ছবি: পিটিআই।

এক বার-দু’বার নয়, শেষ দু’বছরে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ২০টি ম্যাচ খেলেছে নিউ জ়িল্যান্ড। তাই শনিবার সুপার এইটের প্রথম ম্যাচের আগে তারা ভয় পাচ্ছে না পাকিস্তানকে। ম্যাচের আগে সে কথাই জানালেন কিউয়ি অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান।

Advertisement

তাঁর মতে, এত বার সাক্ষাৎ হওয়ার ফলে পাকিস্তানের বিস্ময় স্পিনার উসমান তারিকই শুধু নন, গোটা দলের স্পিন বোলিং সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে নিউ জ়িল্যান্ডের। চ্যাপম্যান বলেছেন, “উসমানের অ্যাকশন বাকিদের থেকে আলাদা ঠিকই। হঠাৎ করে ক্রিজ়ে দাঁড়িয়ে যাওয়ার দিকে খেয়াল রাখতে হয়। তবে আমাদের মতে, পাকিস্তানের অনেক ভাল স্পিনার রয়েছে। প্রত্যেকে আলাদা বিপদ নিয়ে আসতে পারে। তবে গত কয়েক বছরে পাকিস্তানের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছি। তাই জানি ওদের আক্রমণ কেমন হতে পারে। দল হিসাবে যেমন চাই তেমন খেলতে পারাই আমাদের মূল লক্ষ্য।”

ভারতের পিচে রান তোলা সহজ ছিল বলে মনে করেন চ্যাপম্যান। কিন্তু কলম্বোয় সেই পরিস্থিতি থাকবে না। তাই দলকে সতর্ক হয়ে খেলার বার্তা দিয়েছেন কিউয়ি ক্রিকেটার। বলেছেন, “ভারতের মাটিতে, বিশেষ করে লাল মাটির পিচে ব্যাট করা বেশ সহজ ছিল। তাই বোলারদের পক্ষে কাজটা কঠিন ছিল। বেশির ভাগ দলই ২০০ করেছে বা ২০০-র কাছাকাছি তুলেছে। তবে এখানে পিচ একটু মন্থর। আশা করি বোলারেরা নিজেদের দক্ষতা দেখাতে পারবে। এই পিচে ঘূর্ণি দেখতে পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। ম্যাচের দিন পিচ কেমন থাকে তা দেখার অপেক্ষায় আছি।”

Advertisement
আরও পড়ুন