(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভারতীয় দলে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ অনিশ্চিত। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে আগামী এশিয়ান গেমসের জন্য ভাবা হচ্ছে না। তবে দু’জনের দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। কোচ হিসাবেও গৌতম গম্ভীরের দলের সঙ্গে জাপান যাওয়ার সম্ভাবনা কম।
২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। সেই দলের ন’জন ক্রিকেটারকে আগামী এশিয়ান গেমসের দলেও দেখা যেতে পারে। একাধিক নতুন মুখও দেখা যেতে পারে এশিয়ান গেমসের দলে। তাদের অন্যতম বৈভব সূর্যবংশী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের প্রতিযোগিতার জন্য ৩০ জন ক্রিকেটারের প্রাথমিক তালিকা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ২০২৪ সালের জুলাইয়ের পর তিনি ভারতীয় দলের হয়ে খেলেননি। ৩০ জনের মধ্যে তাঁর নামও রয়েছে। তবে এ বার তাঁকে অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে না। আইপিএলের পর ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের নাম নিয়ে জল্পনা চলছে। তাঁর নামও প্রাথমিক তালিকায় রয়েছে। বৈভবও রয়েছেন কর্তাদের ভাবনায়। তবে উল্লেখযোগ্য ভাবে বোর্ড কর্তাদের তালিকায় নেই সূর্যকুমারের নাম।
এশিয়ান গেমসের সময় দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। ফলে গম্ভীরের পক্ষে এশিয়ান গেমসে দল নিয়ে যাওয়া সম্ভব নয়। জাপানে কোচ হিসাবে যেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। অর্থাৎ এশিয়ান গেমসে ভারতীয় দলের নিয়মিত কোচ এবং অধিনায়ককে দেখা যাবে না।