পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। ছবি: পিটিআই।
টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে কি না তা এখনও ঠিক হয়নি। তবে এখন থেকেই সেই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান। জানালেন দলের ক্রিকেটার সলমন মির্জ়া। আমেরিকা ম্যাচের আগে বোলার সলমন জানিয়েছেন, সব ম্যাচ খেলতে হবে, এটা ধরে নিয়েই তাঁরা বিশ্বকাপ খেলতে কলম্বোয় গিয়েছেন।
আমেরিকার বিরুদ্ধে ম্যাচের আগে সলমনকে প্রশ্ন করা হয়, ভারত ম্যাচ নিয়ে দলের মধ্যে কোনও কথা হয়েছে কি না। সলমনের উত্তর, “আমরা পুরো টি২০ বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছি। যে ভাবে আমাদের খেলতে বলা হবে সে ভাবেই খেলব। ওটা (ভারত ম্যাচ) তো সরকারের সিদ্ধান্ত। যা বলা হবে সেটাই করব।”
আপাতত পাকিস্তানের লক্ষ্য যে আমেরিকাকে হারানো, সেটাও স্পষ্ট করে দিয়েছেন সলমন। তাঁর কথায়, “এখন আমরা পরের ম্যাচের দিকে সব মনোযোগ দিয়েছি। একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। ১৫ তারিখ যে ম্যাচ রয়েছে সেটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।”
গত বারের টি২০ বিশ্বকাপে আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান। বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিতে হয়েছিল তাদের। এ বার সেই লজ্জা এড়াতে চায় পাকিস্তান। সলমন বলেছেন, “ক্রিকেটে অঘটন হয়েই থাকে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি। প্রস্তুতি ভালই হচ্ছে।”
তাঁর সংযোজন, “টি২০ ক্রিকেটে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনও দলই দুর্বল বা শক্তিশালী নয়। ম্যাচের দিন যে দল ভাল খেলবে তারাই জিতবে। পাকিস্তান বরাবরই ভাল ক্রিকেট খেলার চেষ্টা করে। সব ম্যাচেই আমরা সেই চেষ্টা করব।”
উল্লেখ্য, আইসিসি-র কর্তাদের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে দেখা করার কথা বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির। সেখানেই নকভি সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করবেন প্রধানমন্ত্রীকে।