ICC

নকভিদের আস্থা হারানো মাসুদকে গুরু দায়িত্ব জয় শাহের আইসিসির, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বেছে নেবেন গত ২৫ বছরের সেরাদের

পিসিবি কর্তারা অসন্তুষ্ট হলেও জয় শাহের আইসিসি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল শান মাসুদকে। একটি বিশেষ প্যানেলে পাকিস্তানের টেস্ট অধিনায়ককে রাখা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ২২:৫৮
picture of cricket

শান মাসুদ। ছবি: এক্স।

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ় হারের মুখে পাকিস্তান। শান মাসুদের দলকে দ্বিতীয় টেস্ট জিততে হলে ৪৩৭ রান করতে হবে। পাকিস্তান শিবিরেও অশান্তি শুরু হয়েছে মিরপুর টেস্ট হারের পর। এর মধ্যেই সুখবর। পাক অধিনায়ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

Advertisement

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ় হারলে পাকিস্তানের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে মাসুদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা অসন্তুষ্ট হলেও জয় শাহের আইসিসি বিশেষ দায়িত্ব দিল তাঁকে। গত ২৫ বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারদের বেছে নেবে আইসিসি। সেরাদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদেরই। তৈরি করা হয়েছে একটি প্যানেল। তাতে পাকিস্তান থেকে দু’জনকে রাখআ হয়েছে। প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের সঙ্গে আইসিসির প্যানেলে নাম রয়েছে মাসুদের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্যানেলে বিশেষ জুরি হিসাবে রয়েছে পাকিস্তানের টেস্ট অধিনায়ক।

গত বছর পিসিবি মাসুদকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার অ্যাফেয়ার্সের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিয়ে ওই দায়িত্ব নিতে চাননি মাসুদ। তবে এ বার আইসিসির প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।

বাংলাদেশ থেকে দেশে ফিরলেই সম্ভবত মাসুদের টেস্ট নেতৃত্ব কেড়ে নেবে পিসিবি। একের পর এক টেস্ট সিরিজ় হারে পাক কর্তারা হতাশ এবং ক্ষুব্ধ। ব্যাটার মাসুদের পারফরম্যান্সেও খুশি নন তাঁরা। মহসিন নকভিরা আস্থা রাখতে না পারলেও মাসুদের ক্রিকেট জ্ঞানে ভরসা রাখছেন জয়েরা।

Advertisement
আরও পড়ুন