ICC T20 World Cup 2026

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগে খেলতে চেয়ে মুখ খুললেন পাকিস্তানের ক্রিকেটার, ভারতীয় মালিকদের বার্তা দিয়ে কী বললেন তিনি?

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগে পাকিস্তানের ক্রিকেটারেরা খেলবেন না, এমন একটি জল্পনা তৈরি হয়েছে। সে প্রসঙ্গে মুখ খুললেন সাহিবজ়াদা ফারহান। কী বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮
cricket

‘দ্য হানড্রেড’-এর ট্রফি। — ফাইল চিত্র।

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগের কয়েকটি দলের মালিকানা ভারতীয়দের হাতে যাওয়ার পর তারা পাকিস্তানের ক্রিকেটারদের নেবে না, এমন একটি জল্পনা তৈরি হয়েছে। সে প্রসঙ্গে মুখ খুললেন সাহিবজ়াদা ফারহান। জানালেন, তাঁরা ওই লিগে খেলতে চান। তবে কে দলে নেবে না নেবে, তা নিয়ে ভাবতে চান না কেউই।

Advertisement

এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার (আরপিএসজি), লন্ডন (রিলায়্যান্স), সাদার্ন ব্রেভ (জিএমআর) এবং লিডসের (সান গ্রুপ) মালিকানা রয়েছে ভারতীয় সংস্থার হাতে। তারা আইপিএল দলেরও মালিক। শোনা যাচ্ছে, কেউই নিজেদের দলে পাকিস্তানের ক্রিকেটার নিতে আগ্রহী নন।

সুপার এইটে ইংল্যান্ড ম্যাচের আগে ফারহান বলেছেন, “কারা আমাদের নেবে না নেবে সেটা আমাদের হাতে নেই। আমরা সিদ্ধান্ত নিতে পারি না। যদি কেউ আমাদের কেনে তা হলে তাদের হয়ে খেলতে রাজি। আমরা সকলেই ওই লিগে খেলতে চাই।”

আইপিএল মালিকদের দল রয়েছে অনেক দেশের ঘরোয়া লিগেই, যেখানে পাকিস্তানের ক্রিকেটারেরা ব্রাত্য। সেই প্রসঙ্গে ফারহান বলেছেন, “আপনি যাদের কথা বলেছেন তাদের সঙ্গে খেলতে আমরাও আগ্রহী নই। তবে আমার একটা আশা রয়েছে। সকলে সব লিগের হয়ে খেলতে চায়। দ্য হানড্রেড অন্যতম সেরা একটা লিগ। আশা করি ভালই হবে।”

পাকিস্তানের পুরুষ এবং মহিলা মিলিয়ে ‘দ্য হানড্রেড’-এ খেলার জন্য আবেদন করেছেন ৬৭ জন ক্রিকেটার। অতীতে মহম্মদ আমির, শাহিন আফ্রিদি, শাদাব খান এবং হ্যারিস রউফের মতো ক্রিকেটার ওই লিগে খেলেছেন।

২০০৮-এর মুম্বই হামলার পর থেকে আইপিএলে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হয় না। ২০২৩-এ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার এসএটি২০ দলের মালিক ভারতীয় সংস্থাই। সেখানেও খেলেন না কোনও পাকিস্তানে ক্রিকেটার। একই ভাবে আমিরশাহির আইএলটি২০ লিগেও মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির মালিকেরা কোনও পাকিস্তানি ক্রিকেটারকে সই করায়নি।

তবে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক চেয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারেরা ‘দ্য হানড্রেড’-এ খেলুন। তিনি কিছু দিন আগে বলেছিলেন, “ওদের দেশে অসাধারণ ক্রিকেটার রয়েছে। ওদের খেলা দেখতে অনেকে আসে। তাই পাকিস্তানের ক্রিকেটারদের দেখতে না পেলে সেটা লজ্জার। ওরা খেললে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা অনেক ভাল হয়।”

Advertisement
আরও পড়ুন