ICC T20 World Cup 2026

গ্যালারিতে ইংরেজ বনাম পাক সমর্থক বিবাদ, জামা ধরে টানাটানি, চেয়ারে উঠে সামলালেন শ্রীলঙ্কার সমর্থক!

বিশ্বকাপে মাঠের উত্তাপ ছড়াল গ্যালারিতে। বিবাদে জড়ালেন ইংল্যান্ড ও পাকিস্তানের দুই সমর্থক। পরিস্থিতি সামলালেন শ্রীলঙ্কার সমর্থকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০
cricket

গ্যালারিতে বিবাদ ইংল্যান্ড ও পাকিস্তানের সমর্থকের। ছবি: এক্স।

শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান। টান টান ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। মাঠের উত্তাপ ছড়িয়েছে গ্যালারিতেও। বিবাদে জড়ান ইংল্যান্ড ও পাকিস্তানের দুই সমর্থক। পরিস্থিতি সামলান শ্রীলঙ্কার সমর্থকেরা।

Advertisement

সমাজমাধ্যমে পুরো ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেখানে দেখা যাচ্ছে এক ইংরেজ সমর্থকের মুখোমুখি এক পাক সমর্থক। সেই পাক সমর্থকের জার্সির পিছনে লেখা সাউদ। জানা গিয়েছে, নিজের নামই জার্সির পিছনে লিখিয়েছেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি ওই ইংরেজ সমর্থকের পোশাক ধরে টানাটানি করছেন। ইংরেজ সমর্থকও পাল্টা সাউদের দিকে এগিয়ে যান। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে সেখানে হাজির হন শ্রীলঙ্কার কয়েক জন সমর্থক। তাঁরা দু’জনকে সরিয়ে দেন। এক সমর্থক তো চেয়ারের উপর দাঁড়িয়ে ইংল্যান্ডের ওই সমর্থকের গলা জড়িয়ে ধরেন। তাও তাঁকে শান্ত করা যাচ্ছিল না। সাউদও কথা বলেই যাচ্ছিলেন।

এই ঘটনার দায় অবশ্য ইংরেজ সমর্থকের উপর চাপিয়েছেন সাউদ। তিনি জানিয়েছেন, ওই ইংরেজ সমর্থক তাঁর গায়ে বিয়ারের গ্লাস ছুড়ে মারেন। তিনি প্রতিবাদ করলে তেড়ে আসেন। তার পরেই ঝামেলা হয়। তিনি আগে থেকে কিছু বলেননি।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিবাদের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছেন অস্ট্রেলিয়ার এক নেটপ্রভাবী জেক জিনিংস। তিনি অভিযোগ করেছেন, পাকিস্তানের ওই সমর্থক প্রতি ম্যাচেই গ্যালারিতে ঝামেলা পাকানোর চেষ্টা করেন। তাঁর সঙ্গেও এই ঘটনা ঘটিয়েছেন সাউদ। তিনি আর্জি জানিয়েছেন, আইসিসির উচিত ওই সমর্থকের বিরুদ্ধে পদক্ষেপ করা।

Advertisement
আরও পড়ুন