প্রিয়াংশ (বাঁ দিকে) এবং কনোলির জুটির একটি মুহূর্ত। ছবি: পিটিআই।
শুরুতে মনে হচ্ছিল আইপিএলে রবিবার হয়তো রানের নজির হতে চলেছে। দিনের শেষে তা হল না। লখনউয়ের বিরুদ্ধে ভাল শুরু করেও নজির গড়ার মতো রান করতে পারল না পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে তারা তুলেছে ২৫৪/৭। অল্পের জন্য শতরান করতে পারলেন না প্রিয়াংশ আর্য।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। সেই সিদ্ধান্তে কাজে দেয় প্রথমেই। তৃতীয় বলেই প্রভসিমরন সিংহকে (০) ফিরিয়ে দেন মহম্মদ শামি। এর পর যা হল তার জন্য প্রস্তুত ছিল না পঞ্জাব। প্রিয়াংশ এবং কুপার কনোলি মিলে ছিন্নভিন্ন করে দিলেন লখনউয়ের বোলিং।
দ্বিতীয় উইকেটে ৮১ বলে ১৮২ রানের জুটি গড়েছেন প্রিয়াংশ এবং কনোলি। দুই ব্যাটারের আগ্রাসী শটের সামনে দিশা খুঁজে পায়নি লখনউ। মাঠের এমন কোনও কোণ ছিল না যেখানে বল যায়নি। শুধু প্রিয়াংশ নন, কনোলিও শতরান করতে পারতেন। ৪৬ বলে ৮৭ রান করে আউট হন কনোলি। মারেন আটটি চার এবং সাতটি ছয়।
কিছু ক্ষণ পর ফিরে যান প্রিয়াংশ। চারটি চার এবং ন’টি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৯৩ করেন তিনি। মণিমরন সিদ্ধার্থের বলে আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট হারান তিনি। পর পর দু’টি উইকেট হারানোর পর পঞ্জাবের রানের গতিও কমে যায়। শ্রেয়স আয়ার (৫) এবং নেহাল ওয়াধেরা (১৩) সাফল্য পাননি।
পঞ্জাব ২৫০ পেরিয়েছে মার্কাস স্টোইনিস এবং শশাঙ্ক সিংহের সৌজন্যে। শেষ বেলায় দু’জনেই ঝড় তুলে দেন। সিদ্ধার্থ ৩ ওভার বল করে ৩৫ রানে ২ উইকেট নেন। শামি ৪ ওভারে ৫৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।