ICC T20 World Cup 2026

ভারতের কাছে হারের লজ্জায় মুখ লুকোতে পারলেন না নকভি! খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে পালালেন পাক বোর্ডের প্রধান

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে শ্রীলঙ্কার মাঠে গিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে পালিয়ে গেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। —ফাইল চিত্র।

রবিবার খেলা শুরুর আগে দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন। দিয়েছিলেন উৎসাহ। কিন্তু মাঠে সে সব বোঝা গেল না। ভারতের কাছে ৬১ রানে হারল পাকিস্তান। দলের লজ্জার হার মাঠে বসে দেখতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যান তিনি।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানের ৫ উইকেট পড়ে যাওয়ার পরেই স্টেডিয়ামের ভিতর নকভিকে দেখা যায়নি। কিছু ক্ষণ পরে দেখা যায়, স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাচ্ছে। সেখানে নকভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ছিলেন। এই দৃশ্য থেকে পরিষ্কার, নকভি খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে বেরিয়ে গিয়েছেন।

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে দুই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসির কর্তারা গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মিনহাস, সচিব দেবজিৎ শইকীয়া যেমন ছিলেন, তেমনই আইসিসির চেয়ারম্যান জয় শাহও উপস্থিত ছিলেন। এ দিন জয়ের সঙ্গে নকভির একটি বৈঠক হওয়ারও কথা ছিল। বাকি সকল কর্তা খেলার শেষ পর্যন্ত থাকলেও নকভি আগেই বেরিয়ে যান।

এই ম্যাচের আগে বিশেষজ্ঞদের অনেকে জানিয়েছিলেন, হাড্ডাহাড্ডি খেলা হতে পারে। বিশেষ করে পাকিস্তানের স্পিন আক্রমণকে এগিয়ে রেখেছিলেন অনেক। কিন্তু মাঠে সেটা দেখা গেল না। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত। ঈশান কিশন ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। জবাবে ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। দলের এই শোচনীয় পরাজয়ে মুখ লুকোতে পারেননি নকভি। ফলে খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান তিনি।

Advertisement
আরও পড়ুন