IPL 2026

কেকেআরের চিন্তা বরুণের চোট, বুধবার বেঙ্গালুরুর বিরুদ্ধে অনিশ্চিত, টানা চার ম্যাচ জেতা রাহানেদের প্রথম একাদশে ঢুকতে পারেন কে?

টানা চার ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের দৌড়ে রয়েছে কেকেআর। এই পরিস্থিতিতে আরসিবির বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের কথা ভাবছেন না অজিঙ্ক রাহানেরা। উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৯:১৮
picture of cricket

(বাঁ দিকে) বরুণ চক্রবর্তী এবং অজিঙ্ক রাহানে (ডান দিকে)। ছবি: পিটিআই।

রায়পুরে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখার জন্য এই ম্যাচে অজিঙ্ক রাহানেদের জয় গুরুত্বপূর্ণ। অন্য দিকে, কলকাতাকে হারাতে পারলে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারে প্রায় নিশ্চিত হয়ে যাবে রজত পাটিদারের দল। এই পরিস্থিতিতে দু’দলই জিততে মরিয়া।

Advertisement

উদ্বেগ রয়েছে বরুণ চক্রবর্তীকে নিয়ে। পায়ের চোটে ভুগছেন রহস্য স্পিনার। গত ৮ মে দিল্লি ক্যাপিটালস ম্যাচেও বল করতে সমস্যা হয়েছে তাঁর। সোমবার ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। বাঁ পায়ে ব্যান্ডেজও রয়েছে তাঁর। বরুণ শেষ পর্যন্ত বুধবার খেলতে না পারলে পরিবর্তন করতেই হবে রাহানেদের। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে বরুণকে খেলানো হয়েছিল ইমপ্যাক্ট সাব হিসাবে।

বেঙ্গালুরু বেশ ভাল ফর্মে রয়েছে। পর পর দু’ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলি রানে ফেরার জন্য বেছে নিতে পারেন কেকেআরকে। ক্রুণাল পাণ্ড্য, জেকব বেথেল, দেবদত্ত পডিক্কলেরাও ভাল ফর্মে রয়েছেন। স্বভাবতই কলকাতার বোলারদের কাজ সহজ হবে না। জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ডের মতো ক্রিকেটারদের নিয়েও সতর্ক থাকতে হবে রাহানের দলকে।

কলকাতাকে পরিকল্পনা করতে হবে বেঙ্গালুরুর বোলিং আক্রমণ নিয়েও। ভুবনেশ্বর কুমার দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে বেগনি টুপির দৌড়ে সকলের আগে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন ৩৬ বছরের অভিজ্ঞ জোরে বোলার। তাঁর সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার জশ হেজ়লউড, রাসিখ সালামেরাও। বেঙ্গালুরুর ফিল্ডিংও বেশ ভাল। সব মিলিয়ে গত বারের চ্যাম্পিয়নদের হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই।

বুধবার হারলে কেকেআরের উপর চাপ নিঃসন্দেহে বাড়বে। তাই এই পরিস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষায় নারাজ অভিষেক নায়ারেরা। আগের ম্যাচের মতোই রায়পুরে কেকেআরের ইনিংস শুরু করবেন রাহানে এবং ফিন অ্যালেন। আগের ম্যাচে শতরান করেছেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। তাঁর ফর্মে ফেরা কেকেআরের আত্মবিশ্বাস বাড়াবে। তিন নম্বরে অঙ্গকৃশ রঘুবংশীর ফর্ম নিয়ে চিন্তা থাকলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে পরিবর্তনের সম্ভাবনা কম। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন। পাঁচ নম্বরে রভম্যান পাওয়েলের খেলাও নিশ্চিত। ফিনিশার হিসাবে ছয় এবং সাত নম্বরে নামবেন মণীশ পাণ্ডে এবং রিঙ্কু সিংহ। ব্যাটিং অর্ডারের আট নম্বরে থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারাইন।

শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। বৈভব অরোরা, অনুকূল রায় এবং কার্তিক ত্যাগীর খেলা নিশ্চিত। আগের ম্যাচে বরুণ ভাল পারফর্ম করেছিলেন। তিনি একান্তই খেলতে না পারলে তাঁর পরিবর্তে প্রশান্ত সোলাঙ্কিকে খেলাতে পারেন কেকেআর কর্তৃপক্ষ। আবার কার্তিককে ইমপ্যাক্ট সাব হিসাবে খেলিয়ে সার্থক রঞ্জনকে খেলানো হতে পারে। যদিও বরুণকে শেষ মুহূর্ত পর্যন্ত খেলানোর চেষ্টা করা হবে। উল্লেখ্য, রায়পুরের ২২ গজে মুম্বই ইন্ডিয়ান্স-বেঙ্গালুরু ম্যাচে ১২টি উইকেট নিয়েছিলেন জোরে বোলারেরা।

Advertisement
আরও পড়ুন