কুইন্টন ডি’কক। —ফাইল চিত্র।
এক যাত্রায় কী ভাবে পৃথক ফল হচ্ছে তা নিয়ে আইসিসিকে নিশানা করেছেন কুইন্টন ডি’কক, মাইকেল ভনেরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে এখনও বাড়ি ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা। অথচ, দেশে ফিরেছেন ইংরেজ ক্রিকেটারেরা। কেন, একটি দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন ডি’ককেরা।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডি’কক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “মজার বিষয়। আমরা কিছুই জানতে পারছি না। ইংল্যান্ড দল দেশে ফিরে যাচ্ছে। অথচ, ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা দল আটকে রয়েছে। আমাদের অন্ধকারে রাখা হয়েছে। অবাক লাগছে, কী ভাবে কিছু দল বাড়তি সুবিধা পাচ্ছে।”
ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন ইংল্যান্ডেরই প্রাক্তন অধিনায়ক ভন। তিনি এক্স মাধ্যমে লেখেন, “বৃহস্পতিবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে শনিবার ইংল্যান্ড দল দেশে ফিরেছে। এ দিকে গত রবিবার বিদায় নেওয়ার পরেও কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ়। দক্ষিণ আফ্রিকারও একই হাল। এখানেই ক্ষমতার তফাত। সব দলকে একই রকম সুবিধা দেওয়া উচিত। আইসিসিতে তুমি বেশি ক্ষমতাশালী বলে বেশি সুবিধা পেতে পারো না।”
১ মার্চ ইডেনে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। ৪ মার্চ ইডেনেই নিউ জ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। ৫ মার্চ মুম্বইয়ে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। সকলের শেষে বাদ গিয়েও ইংল্যান্ড দেশে ফিরে গিয়েছে। কিন্তু বাকি দুই দল ভারতে আটকে রয়েছে।
ইজ়রায়েল ও আমেরিকার যৌথবাহিনীর বিরুদ্ধে ইরানের যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বিমানবন্দর বন্ধ। দুবাই বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেটারদের ফিরতে সমস্যা হচ্ছে। ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড তিন দলের জন্যই চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে। শনিবার বেরিয়ে গিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার বাকি দুই দলের যাওয়ার কথা। তবে কখন তারা ভারত ছাড়বে তা জানা যায়নি।
একই সমস্যায় পড়েছিল জ়িম্বাবোয়ে। বেশ কিছু দিন আটকে থাকার পর দু’টি ব্যাচে ইথিয়োপিয়া হয়ে ফেরানো হয়েছে সিকন্দর রাজ়াদের। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ় দল একই বিমানে প্রথমে জোহানেসবার্গ যাবে। সেখানে ডি’ককেরা নেমে যাবেন। তার পর ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের নিয়ে বিমান তাদের দেশে যাবে। তবে পুরো বিষয়টা নিয়ে তাঁরা অন্ধকারে রয়েছেন বলে অভিযোগ ডি’ককদের। ফলে আইসিসিকে নিশানা করেছেন তিনি।