IPL 2026

সঞ্জুকে ছেড়ে দিয়ে কি হাত কামড়াচ্ছে রাজস্থান? স্যামসনকে রোহিত-কোহলির ক্লাবে ঢুকিয়ে দিলেন নতুন অধিনায়ক পরাগ

আইপিএলের নিলামের আগে সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। সেই সিদ্ধান্ত নিয়ে কি এ বার হাত কামড়াচ্ছে আইপিএলের দল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২১:২৭
cricket

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালস কি নিজেদের ভুল বুঝতে পেরেছে? হাত কামড়াচ্ছে আইপিএলের দল? আইপিএলের নিলামের আগে সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন সঞ্জু। সেই সঞ্জুরই প্রশংসায় রাজস্থানের নতুন অধিনায়ক রিয়ান পরাগ। সঞ্জুকে বিরাট কোহলি ও রোহিত শর্মার ক্লাবে ঢুকিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

আইপিএলের আগে জয়পুরে একটি সাংবাদিক বৈঠকে পরাগ বলেন, “সঞ্জু ভাইয়ের বিষয়ে একটা কথাই বলতে পারি। ওর বিকল্প ক্রিকেটার পাওয়ার কথা আমি ভাবিইনি। খুব বেশি হলে আমরা এমন একজনকে পেতে পারি যে ওর মতো খানিকটা ব্যাট করে। বা ওর মতো ওপেন করে। বিরাট কোহলি ও রোহিত শর্মার যেমন বিকল্প পাওয়া যায় না, তেমনই সঞ্জু ভাইয়েরও বিকল্প নেই।”

গত মরসুমেই শোনা গিয়েছিল, রাজস্থানের কোচিং দল ও মালিকের সঙ্গে মতের মিল হচ্ছে না সঞ্জুর। শুরুর তিন ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন সঞ্জু। অধিনায়কত্ব করেছিলেন পরাগ। পরে মরসুমের শেষ দিকেও সঞ্জু বেঞ্চে বসেছিলেন। সেই সময়ও পরাগের হাতেই ছিল অধিনায়কত্ব। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, সঞ্জুর বদলে পরাগকে পাকাপাকি অধিনায়ক করতে চায় রাজস্থান। এ বার সঞ্জু দল ছাড়ার পর সেটাই দেখা গিয়েছে।

রাজস্থানের হয়ে ১১ বছর খেলেছেন সঞ্জু। শেষ পাঁচ বছর তিনি অধিনায়ক ছিলেন। ২০২২ সালে দলকে ফাইনালে তুলেছিলেন। ২০২৪ সালেও প্লে-অফে উঠেছিল রাজস্থান। কিন্তু ট্রফি জিততে পারেনি তারা। এ বার সঞ্জুকে ছেড়ে দেওয়ার পর থেকে চুপ ছিল রাজস্থান। তবে নতুন অধিনায়ক পরাগ যে ভাবে সঞ্জুর প্রশংসা করলেন, তাতে মনে হচ্ছে, এই সিদ্ধান্ত নিয়ে হাত কামড়াচ্ছে তারা।

গত বার বেশ কয়েকটি ম্যাচ শেষ ওভারে গিয়ে হেরেছিল রাজস্থান। এ বার আর সেই ঘটনার পুনরাবৃত্তি চান না পরাগ। সতর্ক তিনি। রাজস্থানের নতুন অধিনায়ক বলেন, “এ বার আমরা পরিকল্পনা করেছি, খেলার শেষটা ভাল করতে হবে। গত বার তা করতে পারিনি। পাঁচ, ছ’টা ম্যাচ শেষ ওভার এমনকি, শেষ বলে হেরেছিলাম। যদি ওগুলো জিততে পারতাম তা হলে হয়তো প্লে-অফ খেলতাম। ম্যাচের মধ্যে তিন-চারটে সিদ্ধান্ত তফাত গড়ে দেয়। এ বার সেই সিদ্ধান্তগুলো ভাল নিতে চাই।”

Advertisement
আরও পড়ুন