IPL 2026

দলের হয়ে সবচেয়ে বেশি রান, তবু বৈভবকে নিয়ে খুশি নয় রাজস্থান! সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন সঙ্গকারা

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি রান করেছে বৈভব সূর্যবংশী। তার পরেও সন্তুষ্ট হতে পারছেন না কোচ কুমার সঙ্গকারা। বৈভবের কাছে তাঁর প্রত্যাশা আরও বেশি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১০:৩৫
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

কোচকে সন্তুষ্ট করতে আর কী করতে হবে বৈভব সূর্যবংশীকে? চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি রান করেছে বৈভব। প্রায় প্রতি ম্যাচে রাজস্থান রয়্যালসকে ভাল শুরু দিয়েছে সে। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছে ১৫ বছরের ব্যাটার। তার পরেও সন্তুষ্ট হতে পারছেন না কোচ কুমার সঙ্গকারা। বৈভবের কাছে তাঁর প্রত্যাশা আরও বেশি।

Advertisement

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ২১ বলে ৪৬ রান করেছে বৈভব। সে যত ক্ষণ ক্রিজ়ে ছিল, দ্রুত রান উঠছিল। সঙ্গকারা চান, বৈভব বড় রান করুক। ম্যাচ চলাকালীন তিনি বলেন, “বৈভব কয়েক ওভার ক্রিজ়ে থাকলেই ৩০-৪০ রান করে দেবে। কিন্তু আমরা ওর কাছে যেটা চাইছি, সেটা ও করতে পারছে না। ৩০-৪০ রান করলে হবে না। বড় রান করতে হবে। ক্রিজ়ে আরও বেশি সময় কাটাতে হবে। চার-ছক্কা ও সহজেই মারতে পারে। কিন্তু প্রতি বলে বড় শট মারা সম্ভব নয়। কী ভাবে ইনিংস এগোতে হবে, সেটা ওকে শিখতে হবে। তবেই দলকে ও জেতাতে পারবে।”

সঙ্গকারার কথা থেকে স্পষ্ট, বৈভবের কাছ থেকে শুধু ঝোড়ো ইনিংস নয়, দায়িত্বশীল ইনিংস দেখতে চাইছেন তিনি। চাইছেন, ওপেন করতে নেমে পুরো ২০ ওভার খেলার চেষ্টা করুক বৈভব। ২০ ওভার ব্যাট করতে পারলে বৈভব যা রান করবে, তাতে রাজস্থান সহজে জিতবে, এমনটাই মনে করেন সঙ্গকারা।

তবে এখনই বৈভবের উপর চাপ দিতে চাইছেন না সঙ্গকারা। তিনি চাইছেন, বৈভব খেলাটা উপভোগ করুক। তাই তিনি বৈভবকে বেশি পরামর্শ দেন না বলেই জানিয়েছেন। সঙ্গকারা বলেন, “ও খেলাটা উপভোগ করে। ১৫ বছরের একটা ছেলের সেটাই করা উচিত। ও ব্যাট করতে ভালবাসে। নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে। সব বিষয়েই ওর আগ্রহ আছে। কিন্তু ওর সঙ্গে বেশি কথা বলি না। তা হলেই ও বেশি ভাবতে যাবে। আমি চাই, এখন ও শুধু মন দিয়ে ব্যাট করুক। উপভোগ করুক। তাই ওর সঙ্গে কথা বললে ক্রিকেটের বাইরের কথাই বেশি বলি।”

বৈভবকে একটিই পরামর্শ দিয়েছেন সঙ্গকারা। নেটে ব্যাট করার সময় বৈভব সেটাই করার চেষ্টা করেন বলে জানিয়েছেন রাজস্থানের কোচ। সঙ্গকারা বলেন, “নেটে ব্যাট করার সময় ওর সঙ্গে কথা হয়। তবে বেশি কিছু বলি না। ও নিজেই বোলারদের বলে, কোথায় বল করতে হবে। ওকে আমি একটা কথাই বলেছি। যে শট খেলবে, ১০০ শতাংশ দেবে। মনের মধ্যে কোনও সন্দেহ রাখবে না। আত্মবিশ্বাস নিয়ে শট মারবে।”

Advertisement
আরও পড়ুন