T20 Mumbai League

আইপিএলে ম‍্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, সেই অর্জুনের দর বাড়ল ৪০০ শতাংশ! ২ লাখের সচিন-পুত্র বিক্রি হলেন ১০ লাখে

শনিবার ছিল একটি টি-টোয়েন্টি লিগের নিলাম। তাতে ন্যূনতম মূল্যের ৪০০ শতাংশ বেশি দামে অর্জুন তেন্ডুলকরকে কিনে নিয়েছে একটি দল। সতীর্থ হিসাবে অর্জুন পাবেন শিবম দুবে, মুশির খানকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১০:৫২
picture of cricket

অর্জুন তেন্ডুলকর। ছবি: পিটিআই।

আইপিএলের নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স থেকে অর্জুন তেন্ডুলকরকে কিনে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তবে এ বারের আইপিএলে ঋষভ পন্থের দলের হয়ে এখনও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি সচিন তেন্ডুলকরের পুত্র। তা-ও আইপিএলের মাঝেই ন্যূনতম মূল্যের ৪০০ শতাংশ বেশি দাম দিয়ে কিনে নিল অন্য একটি দল।

Advertisement

শনিবার ছিল টি২০ মুম্বই লিগের নিলাম। অর্জুনের ন্যূনতম মূল্য ছিল ২ লাখ টাকা। একাধিক দলের সঙ্গে লড়াইয়ের পর এআরসিএস আন্ধেরি দলে নিয়েছে ২৬ বছরের অলরাউন্ডারকে। নিলামে অর্জুনের দাম ৪০০ শতাংশ বেড়ে যায়। শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় সচিন-পুত্রকে কিনে নেন এআরসিএস আন্ধেরি কর্তৃপক্ষ। এ বারই প্রথম এই প্রতিযোগিতায় খেলবেন অর্জুন। উল্লেখ্যে, আইপিএলের বেতনের ৩৩ শতাংশ তিনি পাবেন টি২০ মুম্বই লিগ থেকে

টি২০ মুম্বই লিগে অর্জুন সতীর্থ হিসাবে পাবেন শিবম দুবেকে। ২০২৪ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অলরাউন্ডারকে ধরে রেখেছে আন্ধেরি কর্তৃপক্ষ। তিনি পাবেন ২০ লাখ টাকা। শনিবারের নিলামে মুশির খানকে কিনেছেন তাঁরা। মুশিরের জন্য ১১ লাখ টাকা খরচ হচ্ছে।

অর্জুন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) নথিভুক্ত খেলোয়াড় নন। ২০২২-২৩ মরসুম থেকে ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। তাই টি২০ মুম্বই লিগ এক দিন খেলতে পারেননি। গোয়ায় যোগ দেওয়ার আগে মুম্বইয়ের হয়ে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অর্জুন। এ বার তাঁকে বিশেষ অনুমতি দিয়েছেন এমসিএ কর্তৃপক্ষ। অর্জুনের জন্ম এবং বাসস্থান মুম্বইয়ে হওয়ায় এবং অন্য কোনও রাজ্যের লিগে খেলেন না বলে তাঁকে অনুমতি দিয়েছে এমসিএ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী ক্রিকেটারেরা আইপিএল ছাড়া একটি কোনও রাজ্যে টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন। অর্জুন ছাড়াও এ বার টি২০ মুম্বই লিগে খেলার অনুমতি পেয়েছেন পুদুচেরির হয়ে খেলা সিদ্ধান্ত আধাতরাও।

Advertisement
আরও পড়ুন