India vs England 2024

তাড়াতাড়ি খেলা শেষ করলে ঘুরতে নিয়ে যাবেন! ইংল্যান্ডের ক্রিকেটারকে প্রস্তাব সরফরাজ়ের

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে অভিষেক হয়েছে সরফরাজ়ের। শনিবার ধর্মশালায় ইংল্যান্ডের এক তরুণ ক্রিকেটারকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তিনি। তাঁর কথা শোনা গিয়েছে স্টাম্প মাইক্রোফোনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১১:২৪
picture of Sarfaraz Khan

সরফরাজ় খান। —ফাইল চিত্র।

পঞ্চম টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে নেমেছিলেন শোয়েব বশির। সে সময় শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সরফরাজ় খান। ইংল্যান্ডের তরুণ ক্রিকেটারকে দ্রুত আউট হওয়ার পরামর্শ দেন সরফরাজ়। তাড়াতাড়ি খেলা শেষ করলে ঘুরতে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

Advertisement

ভারতের জয় তখন সময়ের অপেক্ষা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে গিয়েছে। তবু ব্যাট হাতে সাধ্যমতো লড়াই চালাচ্ছিলেন বশির। সে সময় বশিরের উদ্দেশে সরফরাজ়কে বলতে শোনা গিয়েছে, ‘‘তাড়াতাড়ি মেরে খেলা শেষ করো। তা হলে আমরা পাহাড়ের বরফ দেখতে যেতে পারব।’’ সরফরাজ়ের কথা শোনা গিয়েছেন স্টাম্প মাইক্রোফোনে।

ভারত-ইংল্যান্ড সিরিজ়ে টেস্ট অভিষেক হয়েছে বশির এবং সরফরাজ়ের। দুই তরুণ ক্রিকেটারই চেষ্টা করেছেন প্রতিপক্ষ দলকে সমস্যায় ফেলতে। রাজকোটে অভিষেক টেস্ট থেকে সরফরাজ়কে দেখা গিয়েছে ব্যাটারদের কাছাকাছি জায়গায় ফিল্ডিং করতে। বশিরকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব বন্ধুত্বপূর্ণ শোনালেও, সে সময় আসলে জয়ের জন্য অপেক্ষা করতে পারছিলেন না সরফরাজ়। বশিরের রক্ষণাত্মক ব্যাটিংয়ে বিরক্ত হচ্ছিলেন। তাই তাঁকে মেরে খেলার পরামর্শ দেন। সরফরাজ় জানতেন, বশির মারার চেষ্টা করলেই আউট হবেন। শেষ উইকেট পড়ে যাবে ইংল্যান্ডের। খেলা শেষ হয়ে যাবে। তাই এ ভাবে বশিরকে স্লেজিং করার চেষ্টা করেন সরফরাজ়।

পঞ্চম টেস্টে তিন দিনেরও কম সময়ে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও ৪-১ ব্যবধানে সিরিজ় জিতেছে ভারতীয় দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ রকম নজির দ্বিতীয় নেই।

Advertisement
আরও পড়ুন