বিরাট কোহলি। ছবি: এক্স।
আইপিএলের প্রথম ম্যাচে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় গত বারের চ্যাম্পিয়নেরা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলারকে আইপিএল খেলার অনুমতি দেয়নি তাঁর দেশের ক্রিকেট বোর্ড।
বিদেশের লিগে ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া নিয়ে এ বার কঠোর অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। কারও ফিটনেসে সামান্য সমস্যা থাকলেও আইপিএল বা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এই কারণে আরসিবির হয়ে খেলার অনুমতি পাননি নুয়ান তুষারা।
জাতীয় দলের স্বার্থে এ বার কড়া অবস্থান নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। ফিটনেসের ব্যাপারে সামান্যতম ছাড়ও দিতে চাইছেন না তাঁরা। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন মান নির্ধারণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেই মান অনুযায়ী যে ক্রিকেটারেরা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না, তাঁদের ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তুষারাও এই কারণে বেঙ্গালুরুর হয়ে খেলার অনুমতি পাননি।
তুষারার কোনও চোট নেই। বল করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই তাঁর। স্বাভাবিক অনুশীলনও করছেন। কিন্তু ফিটনেস পরীক্ষায় আটকে গিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন যে মান নির্দিষ্ট করা হয়েছে, তার কাছাকাছিও পৌঁছোতে পারেননি তুষারা। তাঁকে ফিটনেস বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। আইপিএলের পরের দিকেও তাঁর খেলার সম্ভাবনা কম।
শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপ খেলেছিলেন তুষারা। পরে ফর্ম ধরে রাখতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। শ্রীলঙ্কার একাধিক বোলারের চোট পাওয়ার পরও সুযোগ পাননি তিনি। গত নিলামে ১ কোটি ৬০ লাখ টাকায় তুষারাকে দলে নিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।