IPL 2026

আইপিএলে নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল হায়দরাবাদ, ভারতীয়ের উপরই আস্থা কাব‍্যদের, জানানো হল সহ-অধিনায়কের নামও

অ্যাশেজ় সিরিজ়ে পিঠে চোট পান প্যাট কামিন্স। তার পর থেকে তিনি মাঠের বাইরে। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপও। আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:৪৯
picture of cricket

কাব্য মারান। —ফাইল চিত্র।

চোটের জন্য আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না প্যাট কামিন্স। তাই অস্থায়ী অধিনায়ক করা হল ঈশান কিশনকে। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক শর্মাকে। বুধবার সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।

Advertisement

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট মূলস্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন ঈশান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শাস্তিও পেতে হয় অবাধ্যতার জন্য। সেই ঈশানই নিজেকে বদলে ফেলেছেন। ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়ে প্রথম বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন করেছেন। ব্যাট হাতেই সাফল্য পান উইকেটরক্ষক-ব্যাটার। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করার পুরস্কার পেয়েছেন। সুযোগ পান ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। বিশ্বকাপেও হতাশ করেননি ঈশান। ১৯৩ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন। ফর্মে থাকা ঈশানের উপর ভরসা রাখলেন কাব্য মারানেরা।

মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার পর গত বছর হায়দরাবাদ শিবিরে যোগ দেন ঈশান। দ্বিতীয় মরসুমেই তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিলেন কর্তৃপক্ষ। কামিন্সের অনুপস্থিতিতে ঈশান দলকে নেতৃত্ব দেবেন। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তাঁকে বেছে নেওয়া হয়েছে।

বিশ্বকাপে ফর্মে না থাকলেও আস্থা রাখা হয়েছে অভিষেকের উপরও। আপাতত তিনি সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন অভিষেক। দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশান। অর্থাৎ বিশ্বের সেরা দুই টি-টোয়েন্টি ব্যাটারের হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিলেন হায়দরাবাদ কর্তৃপক্ষ।

গত অ্যাশেজ় সিরিজ়ের সময় পিঠে চোট পান কামিন্স। তার পর থেকে তিনি মাঠের বাইরে। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। ম্যাচ খেলার মতো অবস্থায় আসতে তাঁর এপ্রিলের মাঝামাঝি হয়ে যেতে পারে।

Advertisement
আরও পড়ুন