IPL 2026

কেকেআরের বিরুদ্ধে কি তিলক তিন নম্বরে? কারা খেলবেন প্রথম একাদশে? সূর্যের জবাব, ‘আমি তো আর অধিনায়ক নই’

২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। ২৯ মার্চ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১১:১০
cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

চলতি মাসেই তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব এ বার নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। ২৯ মার্চ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের। অথচ সেই ম্যাচের প্রথম একাদশ নিয়ে কোনও ধারণাই নেই সূর্যের।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সূর্য ও তিলক বর্মা। সেখানেই সূর্যকে প্রশ্ন করা হয়, আইপিএলে কি মুম্বইয়ের দলে তিন নম্বরে তিলককে দেখা যাবে? নাকি ভারতীয় দলের মতো নীচের দিকে নামানো হবে তাঁকে? প্রথম একাদশে কারা খেলবেন, সেই প্রশ্নও করা হয় সূর্যকে। জবাবে তিনি বলেন, “আমি কী ভাবে বলব? আমি কিছুই জানি না। আইপিএলে আমি তো আর অধিনায়ক নই। হার্দিক অধিনায়ক। ওকে জিজ্ঞাসা করুন।”

সূর্যের কথা থেকে স্পষ্ট, মুম্বইয়ে প্রথম একাদশ থেকে শুরু করে কে, কোথায় খেলবেন, সেই সিদ্ধান্ত কোচ মাহেলা জয়বর্ধনের সঙ্গে মিলে হার্দিক নেন। সেখানে সূর্যের কোনও ভূমিকা থাকে না। জাতীয় দলে তিনি অধিনায়ক হলেও আইপিএলে সাধারণ ক্রিকেটার হিসাবেই খেলেন সূর্য।

ভারতের টি-টোয়েন্টি দলে সূর্যের নেতত্বে খেলেন হার্দিক। তিনি দলের সহ-অধিনায়কও নন। অথচ মুম্বইয়ে সেই হার্দিকের নেতৃত্বে খেলতে হয় সূর্যকে। শুধু সূর্য নন, ভারতের আরও এক বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মাও খেলেন হার্দিকের নেতৃত্বে।

মুম্বই ইন্ডিয়ান্সের তারকা হয়েছিলেন হার্দিক। কিন্তু ২০২২ সালে গুজরাত টাইটান্সে চলে যান তিনি। প্রথম বছরই গুজরাততে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালে হন রানার্স। দু’বছর কাটিয়ে ২০২৪ সালে আবার মুম্বইয়ে ফেরেন হার্দিক। সে বারই রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। সকলে ভেবেছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলেও হয়তো সেই ছবিই দেখা যাবে। কিন্তু ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিত ছোট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলে হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়। এমনকি, সহ-অধিনায়কের পদ থেকে হার্দিককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অক্ষর পটেলকে।

২০২৪ সালে হার্দিকের নেতৃত্বে মুম্বই খুব খারাপ খেলেছিল। শোনা গিয়েছিল, সাজঘরের পরিবেশ ভাল নয়। রোহিত মুম্বই ছাড়তে চান বলেও জল্পনা শুরু হয়েছিল। যদিও সে সব কিছুই হয়নি। ২০২৫ সালে মুম্বই প্লে-অফে ওঠে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের কাছে হেরে বিদায় নেয়। এ বার ট্রফি জেতার লক্ষ্যে নামবে মুম্বই। প্রথম ম্যাচেই তাদের সামনে কলকাতা।

Advertisement
আরও পড়ুন