শুভমন গিল। — ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের কাছে ইংল্যান্ড টেস্ট সিরিজ় হারায় এবং ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে শ্রীলঙ্কা হারায় লাভবান শুভমন গিলেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারতীয় দল।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সর্বশেষ যে পয়েন্ট তালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়াই। আটটি টেস্টের পর প্যাট কামিন্সের দলের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে উঠে এসেছে নিউ জ়িল্যান্ড। ছ’টি টেস্ট খেলে কিউয়িদের পয়েন্ট শতাংশ ৭২.২২। পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। চারটি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩।
এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ন’টি টেস্ট খেলার পর শুভমনদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। একটি টেস্ট হেরে তিন ধাপ নেমে গিয়েছে শ্রীলঙ্কা। এখন তারা রয়েছে ছ’নম্বরে। পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। তালিকায় সাত নম্বরে রয়েছে ইংল্যান্ড। নিউ জ়িল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে সিরিজ় হারের পর তাদের পয়েন্ট শতাংশ ২৪.৩৬। ১৩টি টেস্ট খেলা হয়ে গিয়েছে ইংল্যান্ডের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে শেষ দু’টি স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান। ন’টি টেস্টের পর ১৪.৮১ পয়েন্ট শতাংশ নিয়ে অষ্টম স্থানে ক্যারিবিয়ানেরা। সব শেষে পাকিস্তান। চারটি টেস্টের পর শান মাসুদের দলের পয়েন্ট শতাংশ ৮.৩৩।