Sialkot Stallionz

পাক ক্রিকেটে নতুন অস্বস্তি, বিতর্ক, পিএসএল শুরুর ৩৫ দিন আগে দ্বিতীয় বার বিক্রি হয়ে গেল একটি দল!

গত জানুয়ারিতে পিএসএলের ফ্র্যাঞ্চাইজ়ি নিলামের পরই শিয়ালকোট স্ট্যালিয়নজ়ের অংশীদারদের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই দলই প্রতিযোগিতা শুরুর ৩৫ দিন আগে আবার বিক্রি হয়ে গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫
picture of cricket

পিএসএল ট্রফি। —ফাইল চিত্র।

দু’মাসের মধ্যে দ্বিতীয় বার বিক্রি হল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল শিয়ালকোট স্ট্যালিয়নজ়। গত মাসেই বিদেশি একটি ব্যবসায়িক গোষ্ঠী ১৮৫ কোটি পাকিস্তানি টাকায় স্ট্যালিয়নজ়ের মালিকানা কিনেছিল। দল বিক্রি হওয়ার পর থেকেই শুরু হয় নানা বিতর্ক। একাধিক অংশীদারের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

Advertisement

জানুয়ারি মাসে পিএসএলের ফ্র্যাঞ্চাইজ়ি নিলামে ১৮৫ কোটি পাকিস্তানি টাকায় (ভারতীয় মূল্যে প্রায় ৬০ কোটি ১৩ লাখ টাকা) স্ট্যালিয়নজ়ের মালিকানা কেনে ওজ় গোষ্ঠী। তার পরই বিদেশি এই ব্যবসায়িক গোষ্ঠীর কয়েক জন অংশীদারের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ অতীতে তাঁদের বিরুদ্ধে বেশ কিছু আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। আরও বড় সমস্যা হয় সংস্থার কয়েক জন অংশীদার অস্ট্রেলিয়ার একটি সংস্থার কাছে দলের ৯৮ শতাংশ মালিকানা বিক্রি করার সিদ্ধান্ত নিলে। তাতে আবার ক্ষুব্ধ হন সংস্থার মূল অংশীদার আমেরিকার ব্যবসায়ী মুহাম্মদ শাহিদ। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় অস্ট্রেলিয়ার সংস্থাটি পিছিয়ে যায়। সেই ৯৮ শতাংশ মালিকানাই বিক্রি করা হয়েছে সিডি ভেঞ্চাচার্স নামে একটি সংস্থাকে।

পিএসএলের নিলামে অংশ নিয়েছিল সিডি ভেঞ্চাচার্স। মুলতান সুলতান ফ্র্যাঞ্চাইজ়ি কেনার জন্য তারা ২৩৫ কোটি পাকিস্তানি টাকা (ভারতীয় মূল্যে প্রায় ৭৬ কোটি ৪০ লাখ টাকা) দর দিয়েছিল। শেষ পর্যন্ত ২৪৫ কোটি পাকিস্তানি টাকায় (ভারতীয় মূল্যে প্রায় ৮০ টাকা) মুলতানের মালিকানা কিনে নেয় ওলি টেকনোলজিস।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল। তার ৩৫ দিন আগে প্রতিযোগিতায় অন্যতম একটি দল বিক্রি হয়ে যাওয়ায় শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা কাঠগড়ায় তুলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের। তাঁদের অভিযোগ, ১০ বছর হয়ে যাওয়ার পরও পিএসএলের নিয়ন্ত্রণ নেই মহসিন নকভিদের হাতে। নিলামের আগে অংশগ্রহণকারী সংস্থাগুলির ভাবমূর্তি সম্পর্কে নিশ্চিত না হতে পারা পিসিবি কর্তাদেরই দুর্বলতা। তাঁদের জন্যই বার বার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে পিএসএল নিয়ে।

Advertisement
আরও পড়ুন