বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
শুধু টি-টোয়েন্টি নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ। তাঁকেই প্রথম বার খেলতে নেমে জোড়া ছক্কা! মঙ্গলবার রাজস্থান-মুম্বই ম্যাচে বৈভব সূর্যবংশীর কাণ্ডে হইচই শুরু হয়েছে। দু’টি ছয়ের ভিডিয়ো ভাইরালও হয়েছে। তবে বৈভব জানিয়েছে, বুমরাহকে খেলার আগে বেশ চিন্তায় ছিল সে। দু’টি ছয়ের কৃতিত্ব দিয়েছে ম্যাচের আগের দিনের প্রস্তুতিকেই।
বৈভব বলেছে, “খুব একটা আলাদা অনুভূতি হয়নি ছয় মারার পর। আমি বোলারের থেকে বেশি মনোযোগ দিয়েছিলাম বলের উপর। কিছুটা চিন্তিত ছিলাম। কারণ আমার সামনে একজন এত বড় বোলার ছিল। কিন্তু নিজের খেলার উপরে বিশ্বাস রেখেছি এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শট খেলার চেষ্টা করেছি।”
ম্যাচের আগের দিন বিশেষ অনুশীলন করেছিল বৈভব। কী রকম? বৈভব জানিয়েছে, তার সামনে দলের এক সাপোর্ট স্টাফ জোরে বল ছুড়ে দিচ্ছিল। সেই বলে বড় শট খেলার চেষ্টা করছিল সে।
বৈভবের ব্যাখ্যা, “এ ধরনের অনুশীলনে অনেক সাহায্য হয়। কাছ থেকে জোরে বল ছুড়ে দেওয়া হচ্ছিল আমার দিকে। ম্যাচে বোলারের সামনে খেলার সময় বাড়তি কিছুটা সময় পাওয়া যায়। আগের ম্যাচের পর ব্যাটিংয়ের উন্নতির জন্য দু’-একটি জিনিসে উন্নতি করা দরকার। তাই জন্যই আগের ম্যাচে শুরু থেকে চালিয়ে খেলার চেষ্টা করেছিলাম।”
বৈভব মনে করে না সে খারাপ শট খেলে আউট হয়েছে। যে অবদান রাখতে পেরেছে দলের জন্য তাতেই খুশি সে। বৈভবের কথায়, “গত দুটো ম্যাচে ভাল শট খেলতে গিয়ে আউট হয়েছি। প্রথম ম্যাচে খুব ভাল শট খেলেছিলাম। দুর্ভাগ্যবশত সেটা ফিল্ডারের হাতেই গেল। গোটা ইনিংস খেলতে পারলে আমার রান অনেক বেশি হত।”
পরের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে রাজস্থান। বিরাট কোহলিদের বিরুদ্ধে কেমন খেলে বৈভব, সে দিকে নজর থাকবে অনেকের।