IPL 2026

কোহলি সেরা ফর্মে রয়েছেন, আইপিএল শুরু হওয়ার আগেই বলে দিলেন বেঙ্গালুরুর কোচ! ঈশানে ভরসা হায়দরাবাদের, শ্রদ্ধা প্রয়াত ১১ সমর্থককে

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই নামছে বিরাট কোহলির বেঙ্গালুরু। ম্যাচের আগের দিন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলে দিলেন, সাফল্য পেতে মরিয়া কোহলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২২:০৮
cricket

অনুশীলন বিরাট কোহলি। ছবি: পিটিআই।

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই নামছে বিরাট কোহলির বেঙ্গালুরু এবং ঈশান কিশনের হায়দরাবাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলিকে আবার সংক্ষিপ্ততম ফরম্যাটে দেখা যাবে। ম্যাচের আগের দিন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলে দিলেন, সাফল্য পেতে মরিয়া কোহলি।

Advertisement

ফ্লাওয়ার বলেছেন, “নেটে কোহলির ব্যাটিং খুব কাছ থেকে দেখছি। নিজের সেরা ফর্মে রয়েছে ও। দুর্দান্ত ফিট। প্রতি দিন পরিশ্রম করছে। ক্ষুধার্ত হয়ে রয়েছে। অবশ্য ও বরাবরই তাই। মানসিক ভাবে কোহলি নিজেকে নিয়ে স্বস্তিতে রয়েছে। পেশাদার ক্রীড়াবিদ হিসাবে নিজেকে প্রমাণ করার জন্যও মুখিয়ে রয়েছে।”

দেশের হয়ে জানুয়ারিতে শেষ বার কোহলিকে দেখা গিয়েছিল। আবার নামছেন দু’মাস পর। মাঝের এই বিরতিকে পাত্তাই দেননি ফ্লাওয়ার। বলেছেন, “আমরা এটা নিয়ে কথা বলেছি। আমি বরাবর দেখেছি সেরা ক্রিকেটারেরা অনুশীলন এবং ম্যাচকে একই চোখে দেখে। সচিন তেন্ডুলকরকে চোখের সামনে দেখেছি। কোহলিও তাই। কোচ হিসাবে ব্যাটারদের শিল্পকে তারিয়ে তারিয়ে উপভোগ করি। তাই জন্যই বলছি, কোহলি সেরা ফর্মে রয়েছে।”

বৃহস্পতিবার রাতেই বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছেন জশ হেজ়লউড। তবে শনিবার তাঁর খেলার সম্ভাবনা নেই। ফ্লাওয়ার বলেছেন, “হেজ়লউডকে ফিটই লাগছে। শেষ বার যেমন দেখেছিলাম তার থেকে বয়স কমেছে মনে হচ্ছে। ফিটনেস ঠিক করতে কঠোর পরিশ্রম করেছে ও। আমরাও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। ওকে সাজঘরে পেয়ে দারুণ লাগছে। তবে কালকের ম্যাচের জন্য ও তৈরি নয়। সবে এসেছে। ওর ফিটনেস খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নেব।”

এ দিকে, হায়দরাবাদ ভরসা রাখছে ঈশান কিশনের নেতৃত্বের উপরে। চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না প্যাট কামিন্স। এ দিন হায়দরাবাদ কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেছেন, “ঈশান দীর্ঘ দিন আইপিএল খেলছে। অনেক দলের হয়ে খেলেছে। সফলও হয়েছে। তাই এমনিতেই ও আত্মবিশ্বাসী। রাজ্য দলের নেতৃত্ব দিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়েছে। ওকে নেতা হিসাবে বেছে নেওয়া কোনও ভুল নয়।”

ঈশানের পাশাপাশি অভিষেক শর্মাও ভাল খেলবেন বলে আশা ভেট্টোরির। বলেছেন, “ওর সঙ্গে অভিষেকের জুটিটা খুব ভাল। একে তো ওরা ভাল বন্ধু। একে অপরকে খুব ভাল করে চেনে। আশা করি ওরা দু’জনই সামনে থেকে নেতৃত্ব দেবে।”

Advertisement
আরও পড়ুন