ICC Champions Trophy 2025

টেলিভিশনের অনুষ্ঠানে মেজাজ হারান আক্রম, কী ঘটে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর?

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে পাকিস্তানের কোনও প্রতিনিধিকে না দেখে মেজাজ হারান ওয়াসিম আক্রম। টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ২২:০০
Picture of Wasim Akram

ওয়াসিম আক্রম। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর টেলিভিশনের অনুষ্ঠানে মেজাজ হারান ওয়াসিম আক্রম। পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্তাকে না দেখে রেগে যান। অনুষ্ঠানের মধ্যেই নিজের ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণের মঞ্চে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ-সহ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একাধিক কর্তা থাকলেও ছিলেন না পিসিবির কোনও কর্তা। ব্যক্তিগত ব্যস্ততার কারণে রবিবার দুবাইয়ে যেতে পারেননি পিসিবি প্রধান মহসিন নকভি। পিসিবির প্রতিনিধি হিসাবে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সিইও এবং প্রতিযোগিতার ডিরেক্টর সুমাইর আহমেদ সঈদ। কিন্তু তাঁকে মঞ্চে আমন্ত্রণ জানাননি আইসিসির দায়িত্বপ্রাপ্তেরা। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তা নিয়েই টেলিভিশন অনুষ্ঠানে ক্ষোভ উগরে দেন আক্রম।

প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘‘যতদূর জানি মহসিন সাহেব আসতে পারেননি। পিসিবির প্রতিনিধি হিসাবে ছিলেন সিইও সুমাইর আহমেদ এবং পিসিবির ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল উসমান ওয়াহলা। তাঁরা কেন মঞ্চে নেই?’’ তিনি আরও বলেন, ‘‘আমরাই তো প্রতিযোগিতার আয়োজক। তাই না? পিসিবির প্রতিনিধি যেই হোন না কেন, তিনি কেন মঞ্চে থাকবেন না? তাঁদের কি আমন্ত্রণ জানানো হয়নি? ঘটনাটা ঠিক কী জানি না। তবে খুবই অদ্ভুত লাগছে বিষয়টা। পাকিস্তানের অন্তত এক জন প্রতিনিধির মঞ্চে থাকা উচিত ছিল। তিনি ক্রিকেটারদের পদক বা ট্রফি দিলেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ নয়। উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ।’’

মঞ্চে পিসিবির কোনও প্রতিনিধি না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারও। ঘটনায় ক্ষুব্ধ পিসিবি কর্তারাও। আইসিসির কাছে ব্যাখ্যা চান তাঁরা।

Advertisement
আরও পড়ুন