ICC T20 World Cup 2026

মুম্বইয়ে সেমিফাইনাল ম্যাচ না হলে কী হবে, কোন দল ফাইনালে উঠবে, আইসিসি-র নিয়ম কী বলছে?

মুম্বইয়ের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা না থাকলেও কোনও কারণে বৃহস্পতিবারের ম্যাচ ভেস্তে গেলে কী হবে? কারা যাবে ফাইনালে? কী রয়েছে আইসিসির নিয়মে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৫:০০
Wankhede Stadium

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই মাঠেই বৃহস্পতিবার হবে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল। —ফাইল চিত্র

মুম্বইয়ে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কিন্তু যদি বৃষ্টি বা অন্য কোনও কারণে বৃহস্পতিবারের ম্যাচ ভেস্তে যায়, তা হলে কী হবে? কারা যাবে ফাইনালে? কী রয়েছে আইসিসির নিয়মে?

Advertisement

মুম্বইয়ের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা না থাকলেও আইসিসি একটি ‘রিজ়ার্ভ ডে’ রেখেছে। দু’টি সেমিফাইনালেই এই নিয়ম। ইডেনে নির্বিঘ্নে প্রথম সেমিফাইনাল হয়েছে। যদিও রবিবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে যদি খেলা না হয় বা মাঝপথে বন্ধ হয়ে যায়, তবে ম্যাচটি পরের দিন, অর্থাৎ শুক্রবার নতুন করে শুরু করা হবে অথবা আগের দিন যে জায়গায় খেলা বন্ধ হয়েছে, সেখান থেকেই শুরু হবে। ফলাফল নিশ্চিত করার সব রকম চেষ্টা করা হবে।

এ ছাড়া খেলার নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত সময়ও রাখা হয়েছে। সেমিফাইনালের নির্ধারিত দিনে (বৃহস্পতিবার) ৯০ মিনিট এবং রিজ়ার্ভ ডে-তে (শুক্রবার) ১২০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় বরাদ্দ আছে। ফাইনাল ম্যাচের ক্ষেত্রে মূল দিন এবং রিজ়ার্ভ ডে— দু’দিনেই ১২০ মিনিট করে অতিরিক্ত সময় রাখা হয়েছে।

ম্যাচের ফলাফল হওয়ার জন্য দু’দলকেই অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। যদি মূল দিনে তা সম্ভব না হয়, তবে রিজ়ার্ভ ডে-তে ম্যাচটি নতুন করে শুরু না হয়ে ঠিক যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।

রিজ়ার্ভ ডে-র পরেও যদি ম্যাচটি শেষ করা না যায়, তবে নিয়ম অনুযায়ী সুপার এইট পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল বিজয়ী হবে। এই নিয়মে ভারত ছিটকে যাবে, ইংল্যান্ড ফাইনালে উঠবে। কারণ, ভারত সুপার এইট পর্বে ৪ পয়েন্ট পেয়েছিল, অন্য দিকে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ছিল।

Advertisement
আরও পড়ুন