(বাঁ দিকে) রজত পাটিদার এবং শুভমন গিল (ডান দিকে)। মাঝে আইপিএল ট্রফি। ছবি: বিসিসিআই।
আইপিএল ফাইনালে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স। দু’দলের সামনেই দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়া সুযোগ। রবিবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ২২ গজের উত্তাপে বৃষ্টি জল ঢাললে কী হবে? কারা চ্যাম্পিয়ন হবে? এই প্রশ্নও রয়েছে সমর্থকদের মনে।
বৃষ্টি বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আগেই নিয়ম ঠিক করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার কোনও কারণে খেলা শুরু করাই না গেলে সোমবার ম্যাচ হবে। ফাইনালের জন্য রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন রাখা হয়েছে। রবিবার খেলা শুরু হওয়ার পর বৃষ্টি বা প্রাকৃতিক কারণে চালিয়ে যাওয়া সম্ভব না হলে, বাকি খেলা হবে সোমবার। অর্থাৎ, রবিবার যেখানে খেলা থামবে সোমবার সেখান থেকেই শুরু হবে। নতুন করে শুরু হবে না। রবি এবং সোমবার দু’দিনই বৃষ্টি বা প্রাকৃতিক কারণে খেলা শেষ করা সম্ভব না হলে কী হবে? বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দু’দিনেও খেলা শেষ করা না গেলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বেঙ্গালুরুকে। লিগ পর্বে এগিয়ে থাকার সুবাদে ট্রফি পাবেন বিরাট কোহলিরা। উল্লেখ্য, বেঙ্গালুরু লিগ পর্ব শেষ করেছিল এক নম্বর দল হিসাবে। শুভমন গিলের গুজরাত ছিল দ্বিতীয় স্থানে।
বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হলে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মার নজির স্পর্শ করবেন রজত পাটীদার। তৃতীয় অধিনায়ক হিসাবে টানা দু’বছর আইপিএল জেতার কৃতিত্ব অর্জন করবেন তিনি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার অহমদাবাদে খেলা শেষ হতে সমস্যা হওয়ার কথা নয়। আবহবিদেরা জানিয়েছেন, সারা দিনই অহমদাবাদের আকাশ পরিষ্কার থাকবে। আকাশে মেঘের পরিমাণ থাকতে পারে ১৫ শতাংশের কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা পাঁচ শতাংশ। ফলে ক্রিকেটপ্রেমীদের ২২ গজের লড়াই উপভোগ করতে সমস্যা হবে না।