PSL

আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান লিগেও অনিশ্চিত মুস্তাফিজুর! এখনও সবুজ সঙ্কেত দেয়নি বাংলাদেশ সরকার

বাংলাদেশের ছ’জন ক্রিকেটারের পিএসএল খেলার কথা। তাঁদের পিএসএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই বাধা হতে পারে বাংলাদেশ সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১২:১৫
picture of cricket

মুস্তাফিজুর রহমান। —ফাইল চিত্র।

অন্তর্বর্তী সরকারের অবস্থানের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে কেকেআরের হয়ে আইপিএল খেলার আশা শেষ হয়ে যায় মুস্তাফিজুর রহমানের। এ বার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার সুযোগও হাতছাড়়া হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের।

Advertisement

বাংলাদেশের ছ’জন ক্রিকেটারের পিএসএল খেলার কথা। মুস্তাফিজুর এবং পারভেজ় হোসেন ইমনের খেলার কথা লাহৌর কালান্দার্সের হয়ে। শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজ়িদ হাসান তামিমকে দলে নিয়েছে পেশোয়ার জ়ালমি। এ ছাড়া রিশাদ হোসেন চুক্তিবদ্ধ হয়েছেন রাওয়ালপিন্ডি পিন্ডিজ়ের সঙ্গে। ছয় ক্রিকেটারকেই পিএসএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই বাধা হতে পারে বাংলাদেশ সরকার।

আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা ভাবাচ্ছে বাংলাদেশ সরকারকে। দু’পক্ষেই পরস্পরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। উত্তেজনা কমার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন বাংলাদেশ সরকার। বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের অনুমতি নিতে হবে। একটি ক্রিকেট ওয়েবসাইটকে আবেদিন বলেছেন, ‘‘ক্রিকেটারদের পিএসএল খেলতে পাঠানোর আগে আমাদের অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। সাধারণ পরিস্থিতিতে সরকারের অনুমতি প্রয়োজন হয় না। বোর্ড অনুমতি দিলে ক্রিকেটারেরা যে কোনও দেশে গিয়ে খেলতে পারে। কিন্তু পাকিস্তানের পরিস্থিতি এখন স্বাভাবিক নয়। স্বভাবতই আমরা কিছুটা উদ্বিগ্ন এবং সরকারের পরামর্শ প্রয়োজন। পিএসএল খেলতে গেলে আমাদের ক্রিকেটারেরা কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, সেটা আমাদের খতিয়ে দেখা দরকার।’’

তিনি আরও বলেছেন, ‘‘এই মুহূর্তে পাকিস্তান সফর কতটা নিরাপদ, তা নিয়ে আমরা সরকারের পরামর্শ চেয়েছি। সরকারের মতামতের উপর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। সরকারের সিদ্ধান্ত আমরা মেনে চলব। কারণ এই সময় ক্রিকেটারদের পাকিস্তানে পাঠানো উচিত হবে কিনা, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়।’’

শুধু বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েই নয়, পিএসএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাকিস্তান-আফগানিস্তান সংঘাত পরিস্থিতিতে পিএসএলে যোগ দেওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন অস্ট্রেলিয়ার কয়েক জন ক্রিকেটারও। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য সংশ্লিষ্ট ক্রিকেটারদের পিএসএল খেলার ছাড়পত্র দিয়েছে। পাকিস্তান সফরের বিষয়টি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন