Bizzare Incident in Cricket

খেলা চলাকালীন ট্রাক্টর নিয়ে মাঠে ঢুকে পড়লেন যুবক! খুঁড়লেন পিচ, ভন্ডুল ম্যাচ, অদ্ভুত ঘটনা ঘরোয়া ক্রিকেটে

অদ্ভুত ঘটনা ঘটল ঘরোয়া ক্রিকেটে। ম্যাচ চলাকালীন ট্রাক্টর নিয়ে মাঠে ঢুকে পড়লেন এক যুবক। পিচ খুঁড়ে দিলেন তিনি। ফলে ম্যাচ ভন্ডুল হয়ে গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:২৭
cricket

মাঠে ট্রাক্টর নিয়ে ঢুকে পড়েছেন যুবক। ছবি: ভিডিয়ো থেকে।

চলছিল ফাইনাল খেলা। হঠাৎই ঘটল অদ্ভুত ঘটনা। ম্যাচ চলাকালীন ট্রাক্টর নিয়ে মাঠে ঢুকে পড়লেন এক যুবক। পিচ খুঁড়ে দিলেন তিনি। ফলে ম্যাচ ভন্ডুল হয়ে গেল। এই ঘটনায় ক্ষুব্ধ ম্যাচের আয়োজক, ক্রিকেটার ও দর্শকেরা। ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো।

Advertisement

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। জলগাঁও গ্রামীণ এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল চলছিল। হঠাৎই এক যুবক ট্রাক্টর নিয়ে মাঠে ঢুকে পড়েন। আচমকা এই ঘটনায় অবাক হয়ে যান খেলোয়াড়েরা। তাঁরা পিচ থেকে সরে যান।

ওই যুবক সরাসরি পিচের দিকে চলে যান। ট্রাক্টরের ধাক্কায় উইকেট ভেঙে যায়। তার পর পিচের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন তিনি। পিচ খুঁড়ে যায়। এই ঘটনার পর ট্রাক্টর চালিয়েই মাঠ থেকে বেরিয়ে যান ওই যুবক। তার পরে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা। কেউ কেউ ট্রাক্টরের পিছনে ছোটেন। কিন্ত ওই যুবককে ধরা যায়নি।

জানা গিয়েছে, স্থানীয় এক খ্যাতনামী রাজনৈতিক ব্যক্তিকে সেই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তাঁর এক অনুগামী রাগের মাথায় ট্রাক্টর নিয়ে মাঠে ঢুকিয়ে সেই কাণ্ড ঘটান। যদিও এই ঘটনার পরও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

এই ঘটনায় ক্ষুব্ধ আয়োজক, ক্রিকেটার ও দর্শকেরা। তাঁদের দাবি, প্রশাসনের উচিত, কড়া পদক্ষেপ করা। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবি করেছেন তাঁরা। যদিও পুলিশ বা প্রশাসন এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি।

Advertisement
আরও পড়ুন