দিল্লিকে হারানোর পর প্রীতিকে আলিঙ্গন চহলের। ছবি: পিটিআই।
আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত পঞ্জাব। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া ছাড়া বাকি সব ম্যাচই জিতেছে তারা। সেই পঞ্জাবেরই বোলার যুজবেন্দ্র চহল একটি আব্দার করলেন মালকিন প্রীতি জিন্টার কাছে। দলের হয়ে ওপেন করতে চাইলেন। প্রীতি রাজিও হয়ে গিয়েছেন। তবে একটি শর্তও চাপিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত সমাজমাধ্যমে প্রীতির একটি পোস্ট থেকে। তিনি সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। প্রচুর সমর্থকের কৌতূহল মেটাতে দেখা গিয়েছে প্রীতিকে। সেখানেই একটি প্রশ্ন করেন চহল। তিনি লেখেন, “ম্যাডাম, একটা ম্যাচে ব্যাটিং ওপেন করার সুযোগ পেলে খুব ভাল হয়।” সঙ্গে কয়েকটি হাসির ইমোজিও দেন চহল।
প্রীতি চুপ থাকেননি। তিনিও মজা করে উত্তর দেন, “নিশ্চয়ই সুযোগ পাবে যুজ়ি। তোমার জন্য সব কিছু করতে পারি। আইপিএলটা শেষ হতে চাও। তার পর যে ম্যাচে চাও ওপেন করতে পারো। আশা করি প্রভ (প্রভসিমরন সিংহ) এবং প্রিয়াংশ (আর্য) কিছু মনে করবে না।” প্রীতির উত্তর দেখে চহল তো বটেই, মজা পেয়েছেন সমর্থকেরাও।
চলতি মরসুমে পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ এবং প্রভসিমরন ভাল ফর্মে রয়েছে। প্রভসিমরন সাত ম্যাচে ১৯২.৬১ স্ট্রাইক রেটে ২৮৭ রান করেছেন। প্রিয়াংশ ছয় ম্যাচে করেছেন ২৫৪। তাঁর স্ট্রাইক রেট ২৪৯.০১। আগের ম্যাচে দিল্লির বিরুদ্ধে তাঁরা ৪১ বলে ১২৬ রানের জুটি গড়েছিলেন। রেকর্ড রান তুলে জিতেছিল পঞ্জাব।