Mohun Bagan Penalised

শুক্রবার দর্শকশূন্য যুবভারতীতে খেলতে হবে মোহনবাগানকে! শাস্তি দিল ফেডারেশন, পুনর্বিবেচনার আবেদন সবুজ-মেরুনের

চেন্নাই ম্যাচে গ্যালারিতে মোহনবাগানের সমর্থকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১১:৫৪
football

শুক্রবার ওড়িশা ম্যাচে কি এই দৃশ্য দেখা যাবে না যুবভারতীতে? ছবি: এক্স।

আইএসএলে দলের জয়ের হ্যাটট্রিকের পরেই দুঃসংবাদ মোহনবাগান সমর্থকদের জন্য। আগামী শুক্রবার, ৬ মার্চ, ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলা রয়েছে বাগানের। সেই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে সবুজ-মেরুনকে। এই শাস্তি দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)।

Advertisement

এই শাস্তির কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে মোহনবাগান। তারা যে একেবারেই খুশি নয়, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে লেখা, “চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে মোহনবাগানের সমর্থকদের দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। সেই কারণে জরিমানা করেছে তারা। সেই জরিমানা ক্লাব মেনে নিয়েছে। কিন্তু তাতেও খুশি হয়নি এআইএফএফ। শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে আমাদের ঘরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেওয়া হয়েছে।”

মোহনবাগান জানিয়েছে, এই নির্দেশে তারা হতাশ। ক্লাব বিবৃতিতে লিখেছে, “এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে মোহনবাগান হতাশ। আমরা জরিমানা মেনে নিয়েছিলাম। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়ে ক্লাবের হাজার হাজার সমর্থককে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সমর্থকেরাই ক্লাবের প্রাণ।”

এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছে মোহনবাগান। তাদের কথায়, “সমর্থকদের জন্যই ফুটবল। তাই তাঁরা এর থেকে ভাল কিছুর প্রাপ্য।” এখন দেখার, মোহনবাগানের আবেদনের পর এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত বদল করে কি না। নইলে চতুর্থ ম্যাচে দর্শকদের ছাড়াই খেলতে হবে দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেনদের।

Advertisement
আরও পড়ুন