Angel Di Maria

Angel Di Maria: কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে ‘অলবিদা’ মেসির সতীর্থের

কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন অ্যাঙ্খেল দি মারিয়া। তবে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন আর্জেন্টিনার ফুটবলার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মে ২০২২ ২৩:৫৮
আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে দি মারিয়া

আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে দি মারিয়া ফাইল চিত্র

কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন আর্জেন্টিনার ফুটবলার অ্যাঙ্খেল দি মারিয়া। তবে আর্জেন্টিনার জার্সিতে দেখা না গেলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন লিয়োনেল মেসির সতীর্থ।

বুধবার ইংল্যান্ডের ওয়েম্বলিতে গত ইউরো কাপের জয়ী দেশ ইতালির বিরুদ্ধে গত কোপা আমেরিকার জয়ী দেশ আর্জেন্টিনা খেলতে নামবে। ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা’। সেই ম্যাচে নামার আগের দিন সংবাদমাধ্যমকে নিজের অবসরের কথা জানান দি মারিয়া। তিনি বলেন, ‘‘বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেব। আর্জেন্টিনা দলে অনেক তরুণ ফুটবলার এসেছে। তারা ধীরে ধীরে দেশের জার্সিতে নিজেদের মেলে ধরছে। দেশের হয়ে অনেক সাফল্য পেয়েছি। এর পরেও খেলা চালিয়ে গেলে সেটা স্বার্থপরের মতো আচরণ করা হবে। তাই কাতার বিশ্বকাপের পরে সরে যাব।’’

Advertisement

৩৪ বছরের দি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১২১টি ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে ২৪টি গোল রয়েছে তাঁর। গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। জয়সূচক গোল এসেছিল দি মারিয়ার পা থেকেই।

এই মরসুমের পরে ক্লাব ফুটবলে প্যারিস সঁ জঁ-র জার্সিতেও আর দেখা যাবে না দি মারিয়াকে। কোন ক্লাবে যাবেন তা এখনও নিশ্চিত নয়। কিন্তু ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন দি মারিয়া।

আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে দীর্ঘ দিন খেলেছেন দি মারিয়া। দু’জনের মধ্যে বোঝাপড়া খুব ভাল ছিল। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি। সেই সময় দি মারিয়া জানিয়েছিলেন, এখনও আর্জেন্টিনার মেসিকে দরকার। কয়েক মাস পরেই অবসর ভেঙে দেশের হয়ে খেলা শুরু করেন মেসি। কাতার বিশ্বকাপের পরে আর দেখা যাবে না মেসি-দি মারিয়া যুগলবন্দি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন