Emiliano Martínez

অপেক্ষা আর কয়েক ঘণ্টার, কলকাতার পথে রওনা মার্তিনেসের

কলকাতা সফরে আসছেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইতিমধ্যেই রওনা দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৩ ১৯:০১
Emiliano Martinez

এমিলিয়ানো মার্তিনেস। —ফাইল চিত্র

সোমবার বিকালেই কলকাতায় পা দিচ্ছেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক বেরিয়ে পড়েছেন। কলকাতা আসার আগে ঢাকায় যাবেন তিনি। সেখানে কয়েক ঘণ্টা থেকে তার পর কলকাতার বিমান ধরবেন লিয়োনেল মেসিদের দলের এই গোলরক্ষক।

মার্তিনেসের একটি ছবি নিজেদের সমাজমাধ্যমে দিয়েছে মোহনবাগান। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে হাসিমুখে বসে মার্তিনেস। বিমানের অপেক্ষায় তিনি। বুয়েনস আইরেস থেকে বাংলাদেশে যেতে প্রায় ৩৮ ঘণ্টা সময় লাগে। শেষে আমস্টারডাম থেকে বিমান ধরবেন তিনি। বাংলাদেশে সোমবার ভোর ৫.১০ মিনিটে নামবেন মার্তিনেস। সেখানে প্রায় ১১ ঘণ্টা থাকবেন তিনি। তার পর ঢাকা থেকে বিকাল ৪.৪০ মিনিটের বিমানে কলকাতায় আসবেন বিশ্বকাপে সোনার গ্লাভস জয়ী গোলরক্ষক।

Advertisement

সোমবার তাঁর কোথাও যাওয়ার নেই। কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিশ্রাম নেবেন তিনি। পর দিন সকাল থেকেই শুরু হয়ে যাবে ব্যস্ততা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্পনসরদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। একটি আলোচনাতেও অংশ নেবেন মার্তিনেস। তার নাম দেওয়া হয়েছে ‘তাহাদের কথা।’ সেখানে নিজের জীবন ও ফুটবলে সাফল্যের নেপথ্য কাহিনি জানাবেন মেসিদের দলের গোলরক্ষক। মিলনমেলার সেই অনুষ্ঠানে থাকবেন ইস্টবেঙ্গলের কর্তারাও। মার্তিনেসকে সংবর্ধনা দেবেন তাঁরা।

এর পরে বিকেলের দিকে মোহনবাগান তাঁবুতে যাবেন মার্তিনেস। মোহনবাগানের তরফে সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে। থাকছে চমক। ‘মোহনবাগান রত্ন’ স্মারক তুলে দেওয়া হবে মার্তিনেসের হাতে। এই ঘোষণা আগে করা হয়নি। এর পর কিছু নির্বাচিত ক্লাবকর্তার সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানেই নতুন করে ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হচ্ছে মোহনবাগানের তরফে। সেই ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্তিনেস।

এ ছাড়া মোহনবাগানে ক্লাবে পেলে, দিয়েগো মারাদোনা এবং গ্যারি সোবার্সের নামে যে গেট রয়েছে তার উদ্বোধন করবেন মার্তিনেস। এর পর মোহনবাগান মাঠে ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ রয়েছে। কলকাতা পুলিশ অলস্টার্স বনাম মোহনবাগান অলস্টার্সের খেলা হবে। গ্যালারি থেকে সেই ম্যাচ দেখবেন বিশ্বজয়ী গোলকিপার।

Advertisement
আরও পড়ুন