La Liga 2025-26

এলশেকে হারিয়ে লা লিগার শীর্ষেই বার্সা, শেষ মিনিটে এমবাপের গোলে ন’জনের ভালেকানোকে হারাল রিয়াল

লা লিগায় নিজেদের ম্যাচ জিতল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ফলে পয়েন্ট তালিকায় কোনও বদল হল না। শীর্ষেই রয়েছে বার্সা। রিয়াল দ্বিতীয় স্থানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩
football

বার্সেলোনার ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে লা লিগায়। স্পেনের লিগ ফুটবলের দুই সেরা দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একে অপরকে এক ইঞ্চি জমিও ছাড়ছে না। রবিবার নিজেদের ম্যাচ জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ফলে পয়েন্ট তালিকায় কোনও বদল হয়নি। শীর্ষেই রয়েছে বার্সা। রিয়াল দ্বিতীয় স্থানে।

Advertisement

এলশেকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। তবে তিন গোলে এই ম্যাচ বিচার করলে হবে না। হান্সি ফ্লিকের ছেলেরা যা সুযোগ পেয়েছিলেন, তা কাজে লাগাতে পারলে ১০ গোল করতে পারত বার্সা। অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকে আক্রমণ শুরু করে বার্সা। তার ফলও পায় তারা। ৬ মিনিটের মাথায় গোল করে তাদের এগিয়ে দেন লামিন ইয়ামাল। তার পরেও সুযোগ তৈরি করে বার্সা। কিন্তু গোল আসছিল না।

খেলার গতির বিপরীতে ২৯ মিনিটে এলশের হয়ে সমতা ফেরান আলভারো রদ্রিগেজ়। গোল খাওয়ার পর আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় বার্সা। ৪০ মিনিটে গোল করেন ফেরান টোরেস। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড বার্সার জয় নিশ্চিত করেন।

এই জয়ের মধ্যেও ফ্লিকের চিন্তা থাকবে সুযোগ কাজে লাগাতে না পারার প্রবণতা। গোটা ম্যাচে বার্সার গোল লক্ষ্য করে ২৮টি শট মারে বার্সা। তার মধ্যে ১০টি গোলের মধ্যে ছিল। কিন্তু তার মধ্যে সাতটিতে গোল হয়নি। ৬২ শতাংশ বলের দখল নিয়ে আরও বেশি গোলে তাদের জেতা উচিত ছিল।

কষ্ট করে জিততে হয়েছএ রিয়াল মাদ্রিদকেও। রায়ো ভালেকানোকে ২-১ গোলে হারিয়েছে তারা। ১৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু তার পর থেকে নির্ধারিত ৯০ মিনিটে আর গোল করতে পারেনি রিয়াল। মাঝে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয় জুড বেলিংহ্যামকে।

দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে ভালেকানোর হয়ে সমতা ফেরান জর্জে ডি ফ্রুটোস। গোল করার অনেক চেষ্টা করে রিয়াল। ভালেকানোর গোল লক্ষ্য করে ১৭টি শট নেয় তারা। ছ’টি শট গোলে ছিল। কিন্তু বল জালে জড়াতে পারছিলেন না কিলিয়ান এমবাপেরা। ৮০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ভালেকানোর পাথে সিস। সংযুক্তি সময়ে পেপ শাভেরিয়াও লাল কার্ড দেখেন। ফলে ৯ জনে হয়ে যায় ভালেকানো। শেষ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। গোল করে দলকে জেতান এমবাপে।

লা লিগায় ২২ ম্যাচের পর ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫। অর্থাৎ, ট্রফির লড়াই চলছে বার্সা ও রিয়ালের মধ্যে। বার্সার একটি হার লিগের ছবি বদলে দিতে পারে। আবার রিয়াল পয়েন্ট নষ্ট করলে সুবিধা পাবে বার্সা। শেষ পর্যন্ত কে লিগ জিতবে তা ঠিক হয়ে যাবে আগামী ১৬ ম্যাচের মধ্যে।

Advertisement
আরও পড়ুন