Mario Zagallo Death

পেলের সতীর্থ জাগালোকে চির বিদায় জানাল ব্রাজিল, চোখের জলে শেষ দেখা চার বারের বিশ্বজয়ীকে

পেলের সতীর্থ মারিয়ো জাগালোকে শেষ বিদায় জানাল ব্রাজিল। তাঁকে শেষ বার দেখতে উপচে পড়ে ভিড়। চোখের জলে চার বারের বিশ্বকাপজয়ীকে চির বিদায় জানালেন ভক্তেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ১১:৩২
football

মারিয়ো জাগালো। ছবি: ইনস্টাগ্রাম

৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন পেলের সতীর্থ মারিয়ো জাগালো। তাঁকে শেষ বিদায় জানাল ব্রাজিল। জাগালোকে শেষ বার দেখতে উপচে পড়ে ভিড়। চোখের জলে চার বারের বিশ্বকাপজয়ীকে চির বিদায় জানালেন ভক্তেরা।

Advertisement

ব্রাজিল ফুটবল সংস্থার সদর দফতরে জাগালোর দেহ রাখা ছিল। সেখানে গিয়ে শেষ বিদায় জানান ভক্তেরা। তাঁদের কারও পোশাক ছিল কালো। কেউ পরেছিলেন ব্রাজিলের হলুদ জার্সি। আবার কেউ জাগালোর বিভিন্ন ক্লাবে খেলা জার্সি পরেছিলেন। জাগালোর কফিনের কাছে রাখা ছিল ব্রাজিলের জেতা পাঁচটি বিশ্বকাপ ট্রফি।

ফুটবলার এবং কোচ হিসাবে বিশ্বকাপ জয়ের রেকর্ড প্রথম জাগালোই গড়েছিলেন। ১৯৫৮ এবং ১৯৬২ ফুটবলার হিসাবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ১৯৭০ সালে কোচ হিসাবে বিশ্বকাপ জিতিয়েছিলেন ব্রাজিলকে। মাত্র ৩৮ বছর বয়সে কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। বিশ্বকাপজয়ী দ্বিতীয় কনিষ্ঠতম কোচ জাগালো। ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সহকারী ম্যানেজার ছিলেন তিনি।

পেলের মৃত্যুর পর ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের শেষ জীবিত ফুটবলার ছিলেন জাগালো। শনিবার তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্টে লেখা হয়, “দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, বিশ্বকাপজয়ী মারিয়ো জাগালো প্রয়াত। তিনি পরিবারকে অসম্ভব ভালবাসতেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর সঙ্গে কাটানো প্রতিটা সময় উপভোগ করেছি আমরা।”

জাগালোর জন্ম ১৯৩১ সালে। তিনি সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন। ১৯৫০ সালের বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামে রক্ষী হিসাবে উপস্থিত ছিলেন ১৯ বছরের জাগালো। ৮ বছর পর তিনিই ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন পেলের সতীর্থ হিসাবে খেলে।

Advertisement
আরও পড়ুন